রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল প্রকাশের আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবি তুলেছে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য থাকার ভাতা চালু করা, একটি পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সিনেটকে কার্যকর করা। একইসঙ্গে রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি উল্লেখ করেন, রাকসু নির্বাচন শেষ হয়ে গেছে ১০ মাস পেরিয়ে গেছে। পরবর্তী নির্বাচনের প্রস্তুতি এখনই শুরু করলে নির্ধারিত সময়ে তা আয়োজন করা সম্ভব হবে। তাই প্রশাসনের কাছে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে সময়মতো তফসিল ঘোষণার মাধ্যমে রাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের দপ্তর ব্যয়ের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে মুজাহিদ ফয়সাল বলেন, দাপ্তরিক কাজের কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকা তোলা হয়েছে, যা বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখানো হয়েছে। তাদের কাছে এই ব্যয় অবাস্তব বলে মনে হয়েছে। তাদের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, অন্যান্য সব দপ্তর মিলিয়ে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয় হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, এভাবে অন্য দপ্তরের দায়িত্ব চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম ঢেকে রাখা যায় না। কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্য-প্রমাণসহ স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানান তিনি।
এছাড়া সালাহউদ্দিন আম্মার তাদের প্যানেলের সদস্য না হওয়ায় তার কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায়িত্ব ছাত্রশিবির নেবে না বলেও মন্তব্য করেন মুজাহিদ ফয়সাল।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, বিভিন্ন হল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধি এবং সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




