বিবাহ সংক্রান্ত তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর ও কনের পূর্ববর্তী বৈবাহিক অবস্থা, সন্তান এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিটটি আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।
রিট আবেদনে বর্তমান কাবিননামা ফরম (বাংলাদেশ ফরম নম্বর ১৬০১ বা 'ফরম ঘ') সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বর-কনের আগের ও বর্তমান সব বিয়ের বিবরণ, পূর্ববর্তী সম্পর্কের সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ, অভিভাবকত্ব এবং অন্যান্য আইনি দায়দায়িত্বের পাশাপাশি জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করতে হবে। সেই সঙ্গে এসব তথ্য যাচাইয়ের ব্যবস্থাও রাখার দাবি জানানো হয়েছে।
আবেদনকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রচলিত কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী এবং সালিসি পরিষদের অনুমতির বিষয়ে কিছু তথ্য চাওয়া হলেও পূর্ববর্তী বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। কনের ক্ষেত্রেও পূর্বের বৈবাহিক ইতিহাস যাচাইয়ে কোনো কার্যকর ও সমতাভিত্তিক ব্যবস্থা নেই। ফলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো গোপন রেখে পরবর্তী বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে, যা অনেক ক্ষেত্রে প্রতারণা এবং পারিবারিক বিরোধের জন্ম দিচ্ছে।
রিটে আরও বলা হয়েছে, এই ব্যবস্থার ফলে যিনি বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি স্বাধীন ও পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি বিদ্যমান স্বামী-স্ত্রী এবং সন্তানদের অধিকারও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
রিটের প্রার্থনায় কাবিননামার ফরম সংশোধন ও হালনাগাদে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং ফরমটি সংশোধনের নির্দেশ দেওয়া হবে না — এমন প্রশ্নে রুল জারির আবেদন করা হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটির শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।




