দেশের পুলিশ বাহিনীতে নতুন করে আরও ৯ কর্মকর্তার পদ বদল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই উপকমিশনার, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম মহানগর পুলিশের তিন অতিরিক্ত উপকমিশনার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা এই বদলির আওতায় এসেছেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা একটি প্রজ্ঞাপন এবং ডিএমপি সদর দপ্তরের কার্যালয় আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে ১৭ জন উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে মোট ২৬ জন পুলিশ কর্মকর্তার পদায়ন পরিবর্তন হলো।

ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগে এবং আকতার হোসেনকে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রকিবুল হাসানকে পাবনায়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা জেলার সদর সার্কেলে এবং বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপকমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট জেলার সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার পর্যায়ে রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের জহিরুল ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে, হাইওয়ে পুলিশের আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবনের লামা সার্কেলে, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পিবিআইতে এবং সিএমপির আরেক সহকারী কমিশনার আবদুর রহিমকে বান্দরবনের স্পেশাল অ্যাকশন ফোর্সে (এসএএফ) বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই রদবদলের মধ্য দিয়ে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের নতুন দায়িত্বে পাঠানো হলো। প্রশাসনিক প্রয়োজনে এ পদ বদলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।