পেশাজীবীদের গাড়ি কেনার অভিজ্ঞতা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। চিকিৎসক, প্রকৌশলী ও করপোরেট কর্মকর্তাদের কথা মাথায় রেখে ব্যাংকটি তৈরি করেছে স্বতন্ত্র অটো লোন প্যাকেজ, যেখানে প্রতিযোগিতামূলক সুদের হার, দ্রুত অনুমোদন, সহজ কাগজপত্র প্রক্রিয়া এবং নমনীয় কিস্তির ব্যবস্থা রয়েছে। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান জানান, কেবল ঋণ দেওয়াই তাদের লক্ষ্য নয়, পুরো প্রক্রিয়াটিকে যাত্রীর জন্য আরামদায়ক করাই মূল উদ্দেশ্য। দেশের শীর্ষস্থানীয় গাড়ি ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকেরা বিশেষ মূল্যছাড়, আকর্ষণীয় অফার এবং সেরা বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
নারীর ক্ষমতায়ন ও পরিবেশবান্ধব অর্থায়নে বিশেষ জোর দিচ্ছে প্রাইম ব্যাংক। প্রতিষ্ঠানটির ‘নীরা’ উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে নারী গ্রাহকদের জন্য ইভি ও হাইব্রিড গাড়ি কেনায় সাশ্রয়ী প্রসেসিং ফি, প্রতিযোগিতামূলক সুদের হার এবং দ্রুত ঋণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ফয়সাল রহমানের মতে, নারীদের যাতায়াত সহজ করতে ইলেকট্রিক টু-হুইলার অর্থায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে আরও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্পোরেট পে-রোল গ্রাহকদের জন্য ঋণ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত ও সহজ বলে জানান ব্যাংকটির সিইও। যেহেতু এই গ্রাহকদের চাকরির স্থায়িত্ব ও আয়ের ধারাবাহিকতা আগে থেকেই যাচাই করা থাকে, তাই ক্রেডিট মূল্যায়ন এবং অনুমোদন খুব দ্রুত সম্পন্ন হয়। ফলে সামান্য নথিপত্র দিয়েই দ্রুততম সময়ে ঋণছাড় পান গ্রাহকেরা। ‘মাইপ্রাইম’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সহজেই পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন। কম সময়ের প্রক্রিয়াকরণ, আকর্ষণীয় সুদের হার এবং নিবেদিত গ্রাহকসেবা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানান ফয়সাল রহমান।
পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে বিশেষ নীতিমালা অনুসরণ করছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী হাইব্রিড ও ইলেকট্রিক গাড়িতে গাড়ির মোট মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ বা সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এই অর্থায়নের মাধ্যমে গ্রিন যানবাহনের প্রাথমিক আর্থিক বাধা দূর করে টেকসই অর্থনীতি গড়ে তোলাই লক্ষ্য বলে জানান তিনি। এছাড়া নিয়মিত সময়ে প্রসেসিং ফি ও চার্জের উপর বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করে থাকে ব্যাংকটি। নিজস্ব পে-রোল গ্রাহকদের জন্য লোন প্রসেসিং ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে এবং বিশেষ সুদের হারের অফারও রাখা হয়েছে। অংশীদার শোরুমগুলোর মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা পাচ্ছেন বলেও জানানো হয়।




