কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন দুই সুবিধা — ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ — চালু করার ঘোষণা দিয়েছে গুগল। এই ফিচার দুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা মুখের কথায় ই-মেইল ও নথি থেকে প্রয়োজনীয় তথ্য বের করতে পারবেন, পাশাপাশি নানা কাজও সেরে ফেলতে পারবেন।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, জিমেইল লাইভ চালু হওয়ার পর ইনবক্সে থাকা ই-মেইলের গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে আর সার্চ বক্সে টাইপ করার প্রয়োজন পড়বে না। মুখে নির্দেশ দিলেই ইনবক্সের বিভিন্ন ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেবে জেমিনাই-চালিত এই সহকারী। শুধু তথ্য খোঁজাই নয়, কথোপকথনের পুরো বিবরণ পর্দায় বার্তা আকারেও প্রদর্শিত হবে।
অপরদিকে, ডকস লাইভ ব্যবহার করে নতুন কোনো লেখা তৈরি করতে চাইলে ব্যবহারকারীকে শুধু নিজের চাহিদার কথা বলে জানাতে হবে। সেই নির্দেশনার ভিত্তিতে একটি প্রাথমিক খসড়া তৈরি করে দেবে এআই সহকারী। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট এমনকি ওয়েব থেকেও তথ্য সংগ্রহ করে খসড়া প্রস্তুত করা হবে।
সুবিধাগুলো কারা পাবেন, সে বিষয়েও জানিয়েছে গুগল। জিমেইল লাইভ ব্যবহার করতে পারবেন গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা সাবস্ক্রিপশনের গ্রাহকেরা। ডকস লাইভের ক্ষেত্রে অবশ্য গুগল এআই প্রো অথবা আলট্রা প্যাকেজ থাকা বাধ্যতামূলক। প্রাথমিক পর্যায়ে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে এই সুবিধা দুটি চালু থাকবে। অচিরেই ওয়ার্কপ্লেস বিজনেস গ্রাহকদের জন্যও এগুলো উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
গত কয়েক মাস ধরেই নিজেদের বিভিন্ন অ্যাপে কণ্ঠস্বরনির্ভর কাজের সুবিধা যুক্ত করছে গুগল। গত এপ্রিলে ম্যাক অ্যাপে মুখের কথায় নির্দেশ দেওয়ার ফিচার চালু করেছিল প্রতিষ্ঠানটি। আর গত মাসে পিক্সেল ১১ স্মার্টফোনে আনা হয়েছে ‘র্যাম্বলার’ নামের একটি জেমিনাই-চালিত ডিকটেশন টুল, যা ব্যবহারকারীর কথার ফাঁকে থাকা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ শনাক্ত করে বাদ দিতে পারে। পাশাপাশি মুখের কথা লিখিত বার্তায় রূপান্তরের জন্য ‘জেমিনাই ৩.৫ ট্রান্সক্রাইব’ মডেলও উন্মুক্ত করেছে তারা। সূত্র: টেকক্র্যান্চ।




