রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে এক নতুন পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা করেছে, ‘লাইভ ভিডিও স্ট্রিমিং’ নামের একটি সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে অভিভাবকরা দূর থেকে উবার গাড়ির অভ্যন্তরীণ পরিস্থিতি সরাসরি দেখতে পারবেন। এই ফিচারের আওতায় চালকের গাড়িতে বসানো সেলফি ক্যামেরার ফুটেজ রিয়েল-টাইমে দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির সব শহরে সুবিধাটি সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে উবার। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, টিনএজার অ্যাকাউন্টের সঙ্গে নিবন্ধিত অভিভাবকরা চাইলে যেকোনো সময় গাড়ির ভেতরের লাইভ ভিডিও দেখতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহারের সময় চালক এবং কিশোর রাইডারকে নোটিফিকেশনের মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হবে।

একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছে উবার — শুধুমাত্র টিনএজার অ্যাকাউন্টের সাথে যুক্ত অভিভাবক বা আইনি অভিভাবক ছাড়া অন্য কেউ এই ভিডিও দেখার সুযোগ পাবেন না। যাত্রা শেষ হওয়ার সাথে সাথেই লাইভ ভিডিও দেখার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ধারণ করা ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি, তবে ভিডিওতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হবে কি না তা স্পষ্ট করে বলা হয়নি। এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকলে প্রেরক ও নির্দিষ্ট প্রাপক ছাড়া অন্য কারও পক্ষে তথ্য দেখা সম্ভব হয় না, ফলে উবারের পক্ষেও ভিডিও দেখা সম্ভব হবে না। এই বিষয়ে মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে টিনএজার অ্যাকাউন্ট চালু করে উবার। সেই সময় থেকে কিশোর-কিশোরীরা কিছু নির্দিষ্ট শর্তের অধীনে উবারের সেবা ব্যবহার করতে পারে এবং অভিভাবকরা তাদের যাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে থাকেন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে এই অ্যাকাউন্ট চালু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই লাইভ ভিডিও ফিচারটি সেই নিরাপত্তা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।