মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটলে একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ে। এর ফলে ঘুমের অনিয়ম, দৈনন্দিন রুটিনের বিশৃঙ্খলা, ব্যক্তিগত যত্নে অবহেলা, মনোযোগের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়। এমনকি পড়ালেখা, পেশাগত দক্ষতা এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। মানসিক স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য কেবল রোগের উপসর্গ দূর করা নয়, বরং রোগীকে পুনরায় স্বনির্ভর, অর্থপূর্ণ এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনা। আর এই পুনর্বাসন প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে অকুপেশনাল থেরাপি।
মূলত অকুপেশনাল থেরাপি হলো একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতার কারণে যখন একজন ব্যক্তির দৈনন্দিন কাজকর্মে সীমাবদ্ধতা তৈরি হয়, তখন সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এই থেরাপি সাহায্য করে। একজন দক্ষ অকুপেশনাল থেরাপিস্ট রোগীর সক্ষমতা, প্রয়োজন এবং জীবনযাত্রার ধরন গভীরভাবে বিশ্লেষণ করে উপযুক্ত কৌশল নির্ধারণ করেন। এর মাধ্যমে রোগীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, মনোযোগ বাড়ানো এবং সামাজিক অংশগ্রহণের দক্ষতা উন্নত করার চেষ্টা করা হয়।
মানসিক স্বাস্থ্য চিকিৎসায় এই থেরাপির বহুমুখী প্রভাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেন্সরি ইন্টিগ্রেশন, যার মাধ্যমে মস্তিষ্ক বিভিন্ন ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্যের সঠিক সমন্বয় করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শেখে। পাশাপাশি ফাইন মোটর দক্ষতার উন্নতির মাধ্যমে হাতের আঙুলের সূক্ষ্ম কাজ যেমন— লেখা, আঁকা বা পোশাকের বোতাম লাগানোর ক্ষমতা বাড়ানো হয়। দৈনন্দিন জীবনযাত্রার মানোন্নয়নে এই থেরাপি বিশেষ ভূমিকা রাখে; যেমন খাবার তৈরি, গোসল, পোশাক পরা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার সক্ষমতা বৃদ্ধি করা এবং একটি সুশৃঙ্খল রুটিন গড়ে তোলা।
এছাড়া, এই চিকিৎসায় মানসিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পরিকল্পনা প্রণয়ন, স্মৃতিশক্তি প্রখর করা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি চাপ ও উদ্বেগ মোকাবিলা করার কার্যকর উপায় শেখানো হয়। এটি ব্যক্তির আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে। সামাজিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রোগীকে পুনরায় সক্রিয় করে তোলা হয়। চূড়ান্ত পর্যায়ে, ব্যক্তির সক্ষমতা অনুযায়ী তাকে পড়াশোনা কিংবা কর্মজীবনের জন্য প্রস্তুত করা হয়, যাতে তিনি পুনরায় পেশাগত জীবনে সফলভাবে অবদান রাখতে পারেন।
বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছেন ঢাকা মিরপুরের সিআরপি-র মেন্টাল হেলথ ডে-সেন্টারের ইনচার্জ ও সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ফারহানা হক।




