রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রোববার সকাল সোয়া আটটার দিকে যাত্রাবাড়ী থানার গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিটিটিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আটককৃতরা হলো মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) এবং সোহান (২৬)। সিটিটিসির বরাতে জানা যায়, রোববার ভোরে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় কিছু দুষ্কৃতকারী ছিনতাইয়ের পরিকল্পনা করছে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ওই চারজনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।