বিশ্বখ্যাত হোটেল চেইন হিলটনের ইন্টার্নশিপ এবং প্রাথমিক ক্যারিয়ার প্রোগ্রামগুলোতে যোগ দিতে জেন-জি প্রজন্মের তরুণদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া এখন হার্ভার্ড বা আইভি লিগ কলেজগুলোতে ভর্তির চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
হিলটনের 'লঞ্চ' নামক দুই বছরের বিশেষ রোটেশনাল প্রোগ্রামের ২০২৬ চক্রের জন্য মাত্র কয়েক সপ্তাহেই ৫,০০০ আবেদন জমা পড়েছে। অথচ শূন্য পদের সংখ্যা ছিল মাত্র ২০টি। এর ফলে মাত্র ০.৪ শতাংশ প্রার্থী এই প্রোগ্রামে জায়গা করে নিতে পেরেছেন। এই কর্মসূচির আওতায় তরুণ পেশাদাররা প্রথম ১০ মাস ভার্জিনিয়ার ম্যাক্লিনে করপোরেট দক্ষতা, বিশ্লেষণ এবং প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ নেন। এরপর তিন মাস বিশ্বের যেকোনো প্রান্তের হিলটন প্রপার্টিতে হোটেল অপারেশন ও গেস্ট এক্সপেরিয়েন্স সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নেন এবং পুনরায় ১০ মাসের করপোরেট রোটেশনে ফিরে আসেন। সফলভাবে এই দুই বছর সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের পূর্ণকালীন চাকরির সুযোগ দেওয়া হয়।
শুধুমাত্র এই প্রোগ্রাম নয়, হিলটনের সাধারণ ইন্টার্নশিপের ক্ষেত্রেও লড়াই অত্যন্ত কঠিন। চলতি বছর মাত্র ৭২টি পদের জন্য প্রায় ১২,০০০ প্রার্থী আবেদন করেছেন, যার ফলে মাত্র ০.৬ শতাংশ প্রার্থী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। ২০২৭ সালের কোহর্টের জন্য আবেদন প্রক্রিয়া এখনও চলমান থাকলেও ইতিমধ্যেই প্রায় ১৫,০০০ আবেদন জমা পড়েছে।
হিলটনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (CHRO) লরা ফুয়েন্তেস জানান, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাবে এই প্রতিযোগিতা আরও বেড়েছে। এআই ব্যবহার করে প্রার্থীরা খুব দ্রুত তাদের জীবনবৃত্তান্ত (resume) এবং কভার লেটার তৈরি করে শত শত চাকরিতে আবেদন করছেন। এতে আবেদনের সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় রিক্রুটারদের পক্ষে প্রতিটি আবেদনের যথাযথ মূল্যায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি একে একটি 'দুধারী তলোয়ার' হিসেবে বর্ণনা করেছেন, কারণ এআই আবেদন প্রক্রিয়া সহজ করলেও এটি প্রার্থীদের জন্য প্রতিযোগিতার ভিড় বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে ফুয়েন্তেস তরুণদের পরামর্শ দিয়েছেন কেবল সংখ্যার পেছনে না ছুটে বরং সচেতনভাবে এবং আন্তরিকতার সাথে চাকরির খোঁজ করতে। তিনি মনে করেন, এআই-জেনারেটেড আবেদনের ভিড়ে 'প্রামাণিকতা' বা অকৃত্রিম আগ্রহই হতে পারে একজন প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করার প্রধান হাতিয়ার। যারা কেবল সুযোগ পাওয়ার আশায় যত্রতত্র আবেদন না করে নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতি প্রকৃত আগ্রহ দেখাবেন, ইন্টারভিউ প্রক্রিয়ায় তাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।




