বুয়েটের নারী শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য কম দামে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে ভেন্ডিং মেশিন স্থাপন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড 'ফ্রেশ অনন্যা'। বিশ্ববিদ্যালয়টির মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগে এই বিশেষ মেশিনটি বসানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমজিআই জানিয়েছে, শিক্ষার্থীরা মোবাইল পেমেন্টের মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে এই মেশিন থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।
বুধবার বুয়েটের পুরাতন অ্যাকাডেমিক ভবনে মাসিককালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের পর ভেন্ডিং মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. আমিনুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুসাররাত সুলতানা সুমি, এমএমই বিভাগের প্রধান মো. মুক্তাদির বিল্লাহ এবং এমজিআই-এর চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন।
এই উদ্যোগ প্রসঙ্গে ব্যারিস্টার তাসনিম মোস্তফা উল্লেখ করেন যে, পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি কেবল ব্যক্তিগত অস্বস্তির বিষয় নয়, বরং এটি নারীর স্বাস্থ্য, আত্মবিশ্বাস, মর্যাদা এবং সমান সুযোগ প্রাপ্তির সাথে গভীরভাবে সম্পৃক্ত। তিনি আরও বলেন, মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কোনো অস্বাস্থ্যকর বিকল্প ব্যবহার করা উচিত নয়। পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, তাই সঠিক পণ্যের অভাব বা ভুল তথ্যের কারণে কোনো নারীর শিক্ষা, পেশা কিংবা দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। বুয়েটের এমএমই বিভাগের সহযোগিতায় এই ভেন্ডিং মেশিন স্থাপন করাকে সেই লক্ষ্য অর্জনে একটি ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি।




