বর্তমানে স্মার্টফোনের দাম বৃদ্ধি পেয়েছে; বৈদেশিক বাজারে স্টোরেজ ও চিপসেটসহ বিভিন্ন উপাদানের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের মোবাইল বাজারে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই হেলিও বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ পর্যায়ের সুবিধা দিয়ে ‘হেলিও ৬২’ বাজারে এনেছে। মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হতে যাওয়া এই ডিভাইসে এমন কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে, যা ২৫ হাজার টাকার অনেক মডেলেও দেখা যায় না।

প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেট সীমিত মানেই প্রয়োজনীয় ফিচারে ছাড় দিতে হবে—এই ধারণা ভেঙে দেওয়াই ছিল তাঁদের লক্ষ্য। তাঁর ভাষ্যমতে, ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২০ হার্টজের স্ক্রিন, ৬ জিবি ফিজিক্যাল ও সমপরিমাণ ভার্চ্যুয়াল র‌্যাম, আইপি৬৪ রেটিং এবং আয়রন গার্ড প্রোটেকশনের সমন্বয়ে ক্রেতারা আকৃষ্ট হবেন। দৈনন্দিন কাজ, বিনোদন ও বিভিন্ন প্রয়োজনে সমানভাবে চলতে চাওয়া ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখেই এই ফোন তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রদর্শনের দিক থেকে ডিভাইসটিতে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন-টু-বডি অনুপাত ৯০ শতাংশ। স্ক্রিন সুরক্ষায় রয়েছে আয়রন গার্ড প্রোটেকশন। মসৃণ স্ক্রলিং ও গেমিংয়ের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করা হয়েছে। কড়া রোদেও যেন কনটেন্ট দেখতে অসুবিধা না হয়, সেজন্য ৮০০ নিটসের হাই ব্রাইটনেস মোড রাখা হয়েছে।

কর্মক্ষমতার জন্য মিডিয়াটেকের হেলিও জি৮১ চিপসেটের ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। গ্রাফিক্স ইউনিট হিসেবে আছে মালি জি৫২ এমসি ২। দৈনন্দিন ব্যবহার ও গেমিং—উভয় ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স দেওয়ার সক্ষমতা রাখে এই কনফিগারেশন। মেমোরির ক্ষেত্রে ৬ জিবি ফিজিক্যাল র‌্যামের পাশাপাশি আরও ৬ জিবি ভার্চ্যুয়াল র‌্যাম সাপোর্ট রয়েছে। ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব, যা মাল্টিটাস্কিং ও মিডিয়া সংরক্ষণের জন্য যথেষ্ট।

বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ৭,০০০ এমএএইচ ক্ষমতার বিশাল ব্যাটারি সংযোজন করা হয়েছে। ফলে কল, মিডিয়া স্ট্রিমিং, গেমিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। এর সঙ্গে ৩৩ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা রয়েছে; যা ৪৩ মিনিটে ৫০ শতাংশ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে সক্ষম।

ক্যামেরা বিভাগে পেছনে অটোফোকাস এফ-১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সামনের দিকে এফ-২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা রয়েছে, যা দিয়ে উন্নত মানের সেলফি ও নিরবচ্ছিন্ন ভিডিও কল সম্ভব। বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও যুক্ত রয়েছে।

টেকসই গঠনের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। ধুলাবালির ছিটা থেকে সুরক্ষার জন্য আইপি ৬৪ রেটিং এবং ফোনের কাঠামোয় আয়রন গার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে। ফলে এক মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও যন্ত্রটির ক্ষতির ঝুঁকি কম। দ্রুত আনলকের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক সিস্টেম রয়েছে। ডুয়াল স্পিকার, কাস্টমাইজযোগ্য হ্যালো লাইট, এনএফসি, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটারের মতো ফ্ল্যাগশিপ ফিচারও এতে অন্তর্ভুক্ত। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬-তে চলবে।

টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন—এই তিন রঙে ‘হেলিও ৬২’ সারা দেশের অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাবে। সঙ্গে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।