প্রায় আট মাস আগে লিবিয়ায় মৃত্যুবরণ করা এক প্রবাসীর মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শনিবার বিকেলে কফিনে করে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামে পৌঁছায় তরিকুল ইসলামের (২৫) মরদেহ। এর আগে দুপুরে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে বিকেল চারটার দিকে গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল পাঁচটায় স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় অনেকেই অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তরিকুল ইসলাম প্রায় সাত বছর আগে পরিবারের অভাব দূর করতে লিবিয়ায় যান। তবে গত ৩ জানুয়ারি সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তখনই পরিবারকে জানানো হয়েছিল। এরপর মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু আইনি ও প্রশাসনিক জটিলতায় সেই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। ফলে আট মাস ধরে মরদেহ দেশে ফিরবে কি না, সেই আশঙ্কায় ছিলেন স্বজনেরা।
আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন জানান, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণেই মরদেহ আনতে দেরি হয়েছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষার পর মরদেহ ফিরে পাওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন, তবে এত দেরিতে ফেরত আসায় দুঃখও প্রকাশ করেছেন।




