২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রাখল রাজধানীর মাইলস্টোন কলেজ। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে কৃতকার্য হয়েছে ১৪৮৮ জন — ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৬৭ শতাংশে।
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে ফলাফল ঘোষণার পরপরই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এ সাফল্যের আনন্দে কৃতী পরীক্ষার্থীদের সঙ্গে যোগ দেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকেরাও।
বিজ্ঞান বিভাগ থেকে ১২৬৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২৬২ জন পাস করেছে, যা ৯৯.৭৬ শতাংশ পাসের হার। এই বিভাগ থেকেই জিপিএ-৫ অর্জন করেছে ৫৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২২৮ জনের মধ্যে ২২৬ জন উত্তীর্ণ হয়েছে, ফলে সেখানে পাসের হার ৯৯.১২ শতাংশ।
সব মিলিয়ে এবার প্রতিষ্ঠানটির ৬১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে অসামান্য ফলাফল দেখিয়েছে।
এ ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়েই এই অসাধারণ ফলাফল সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস ও বছরজুড়ে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার কারণেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ সাফল্য নিয়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।




