জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে সোমবার (১০ আগস্ট) রাজধানীর বাড্ডায় অবস্থিত ব্র্যাক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টিল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো–অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম।
ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের পরিচালক মো. গোলাম সামদানি ফকির, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এরুম মারিয়ামসহ অন্যরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের ওপর নির্ভর করে না। মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই তা সম্ভব। তিনি আরও বলেন, যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে যা শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় সহায়ক হবে এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। এই সহযোগিতা দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে সমাজকে ক্ষমতায়ন করাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ উভয় প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্রিত করে জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় বিশ্ববিদ্যালয় একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে একসঙ্গে কাজ করবে।




