চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র সম্পূর্ণ নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রতিটি শিক্ষার্থী নিজের পড়াশোনার যে প্রতিফলন ঘটিয়েছে, উত্তরপত্রে সেটিই নির্মোহ দৃষ্টিতে মূল্যায়ন করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জিপিএ-৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়ানোর যে সংস্কৃতি ছিল, তা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে যেখানে শিক্ষার্থীরা নিজের যোগ্যতা, দক্ষতা ও সৃজনশীলতা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। তাই এবার মূল্যায়নের সময় শিক্ষকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ফলাফল সেই প্রশিক্ষিত মূল্যায়নেরই বহিঃপ্রকাশ।

ফলাফলে ভালো কিংবা খারাপ ফল করা শিক্ষার্থীদের নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, যারা ভালো ফল করেছে তাদের পরিবারের সঙ্গে সঙ্গে সরকারও গর্বিত। কিন্তু যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের জন্য জীবন শেষ নয়। যারা ভালো করেছে তারা পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, আর যারা ভালো করতে পারেনি তাদের পাশে সরকার থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। ভবিষ্যতে যাতে তারা সাফল্য অর্জন করতে পারে সে ব্যাপারে সরকার নিশ্চয়তা দিতে চায় বলেও জানান এই উপদেষ্টা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ।