সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
মৃত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লতিয়া পাড়ার বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়িতে ‘হারপিক’ নামক বিষাক্ত পদার্থ পান করেন। এরপর বিকেলেই তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নতুন ভবনের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছিল তাঁর।
ঘটনার সময় তাঁর শ্যালক নূর আলীও হাসপাতালে উপস্থিত ছিলেন। নূর আলী জানান, দুলাভাইয়ের আগে থেকেই মানসিক সমস্যা ছিল এবং এ বিষয়ে তিনি চিকিৎসাও নিয়েছেন। আজ সকালে আলমগীর বিছানা থেকে উঠে হাঁটার ইচ্ছা প্রকাশ করেন। শ্যালক তাঁকে বাইরে যেতে বারণ করলেও নিজে শারীরিক সমস্যার কারণে তাঁর পিছু নিতে পারেননি। এরপর আলমগীর বেরিয়ে ষষ্ঠ তলার দিকে যাওয়ার সিঁড়ির কাছে যান। কিছুক্ষণ পর লোকজনকে সিঁড়ির নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে নূর আলী বুঝতে পারেন, দুলাভাই সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গেছেন।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মঞ্জুরুল আলম জানান, সকালে চিকিৎসাধীন রোগী সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




