গরমের দিনে ঘরেই তৈরি করা যায় মজাদার আম-নারকেলের ললি। এই রেসিপিতে দুই স্তরের স্বাদ—একদিকে পাকা আমের পিউরি, অন্যদিকে ঘন নারকেল দুধের ক্রিমি টেক্সচার।

প্রথমে ব্লেন্ডারে ১ কাপ পাকা আমের পিউরি, ৩-৪ টেবিল চামচ তরল দুধ ও ২-৩ টেবিল চামচ চিনি দিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করে নিন। এবার পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত এই মিশ্রণটি ঢেলে ১-২ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রাখুন, যাতে হালকা জমে যায়।

এদিকে আরেকটি পাত্রে ১ কাপ ক্যানের ঘন নারকেল দুধ, ৩-৪ টেবিল চামচ সুগার সিরাপ বা চিনি এবং আধা চা-চামচ ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। আমের স্তরটি যখন সেমি-সেট হয়ে যাবে, তখন তার ওপর নারকেলের মিশ্রণটি ঢেলে দিন। প্রতিটি মোল্ডে কাঠি ঢুকিয়ে দিন। পুরো মোল্ডটি ৭-৮ ঘণ্টা বা সারারাত ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন।

পরিবেশনের সময় মোল্ডটি ৫-১০ সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখলে সহজে ললি বের হবে। ঠান্ডা ঠান্ডা এই ললি বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে।