ইসলামি শরিয়তের গভীরে নিহিত রয়েছে কিছু মৌলিক চালিকাশক্তি। আইনশাস্ত্রের পরিভাষায় যাকে বলা যায় ‘উপরি-সাংবিধানিক মূলনীতি’ (Supra-constitutional principles), যা পুরো বিধান কাঠামোর প্রাণস্পন্দন। ইসলামি জীবনবিধানের এই নীতির গভীরে পর্যালোচনা করলে দুটি অপরিহার্য ভিত্তি সামনে আসে—ধর্ম এবং মানবসত্তা। এরা পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের পরিপূরক। যেখানে ধর্মের স্থায়ী ও শাশ্বত কিছু মূলনীতি আছে, যেমন মৌলিক বিশ্বাস ও নির্ধারিত ইবাদত; ঠিক সেখানেই বিদ্যমান চির-পরিবর্তনশীল মানবসমাজ, বাস্তবতা ও প্রযুক্তি।

মানুষের জীবন স্থির নয়, এটি সতত গতিমান। সময়ের সাথে সাথে জীবনধারা, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো জটিলতর হয়। তাই একটি পরিবর্তনশীল সমাজকে পরিচালনার জন্য শরিয়তের মৌলিক বিধানের নির্যাস থেকে যুগোপযোগী প্রয়োজনীয়তা বুঝতে হয়। এই পরিপ্রেক্ষিতেই ধর্ম ও মানবসত্তার যুগলবন্দি এবং পরিবর্তনশীল বাস্তবতায় ফিকহের নমনীয়তার পরিধি বোঝা অত্যন্ত জরুরি।

ঐতিহ্যবাহী ফিকহশাস্ত্রে আলেমগণ শরিয়তের পাঁচটি অপরিহার্য মূল উদ্দেশ্য চিহ্নিত করেছেন, যা 'মাকাসিদে শরিয়াহ' নামে পরিচিত। এগুলো হলো: ধর্ম সংরক্ষণ (হিফজুদ্দীন), জীবন রক্ষা (হিফজুন নফস), মেধা সংরক্ষণ (হিফজুল আকল), বংশধারা ও পরিবার সংরক্ষণ (হিফজুন নাসল), এবং সম্পদ সংরক্ষণ (হিফজুল মাল)। প্রথাগতভাবে এই পাঁচটি খাতকে আলাদা করে দেখা হলেও, বাস্তবে এদের মধ্যে একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। এই পাঁচ উদ্দেশ্য একে অপরের সাথে এমনভাবে জড়িত যে প্রতিটি ক্ষুদ্র বা বৃহৎ নির্দেশ একই সঙ্গে মানবসত্তা ও ধর্মের নিরাপত্তা বিধান করে। যেমন, ধর্ম রক্ষার প্রধান শর্ত হলো মানুষের জীবন ও আত্মাকে রক্ষা করা, কেননা জীবিত ও সুস্থ মানুষই তো শরিয়তের বিধান বাস্তবায়নের মাধ্যম। পাশাপাশি সম্পদ ও বংশধারা সংরক্ষণ করা মানবিক অস্তিত্ব ও সামাজিক শান্তি রক্ষারই অংশ। নিজের সৎ উপার্জিত সম্পদ রক্ষা করতে গিয়ে কেউ নিহত হলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদ।” (সহিহ মুসলিম, হাদিস: ১৪০)। ইমাম শাতিবি তার গ্রন্থে উল্লেখ করেন, শরিয়তের সকল আইন ও বিধিনিষেধ মূলত এই পঞ্চ-উদ্দেশ্য রক্ষার্থেই বিন্যস্ত হয়েছে, যাতে মানুষের পার্থিব কল্যাণ ও পারলৌকিক মুক্তি নিশ্চিত হয়। (আল-মুওয়াফাকাত, ২/২৫)।

তবে আধুনিক ফিকহবিদরা জোর দিয়ে বলছেন, যুগের চাহিদা ও জটিলতার কারণে মাকাসিদের পরিধি শুধু এই পাঁচে সীমাবদ্ধ রাখা সঙ্গত নয়। বর্তমান বিশ্বে সভ্যতার বিবর্তন, রাষ্ট্রব্যবস্থা ও প্রযুক্তিগত উৎকর্ষের ফলেন মানুষের জীবনে বহু নতুন অনুষঙ্গ যুক্ত হয়েছে, যা সুরক্ষিত করা শরিয়তের মৌলিক স্পন্দনেরই অংশ। তাই প্রাচীন পঞ্চ-মাকাসিদের পাশাপাশি আধুনিক চিন্তাবিদরা কিছু নতুন স্বতন্ত্র উদ্দেশ্য যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার সংরক্ষণ, মানবিক স্বাধীনতা (আল-হুররিয়্যাহ), সামাজিক সুবিচার, পরিবেশ সুরক্ষা (হিফজুল বিআহ) এবং রাষ্ট্র বা জাতীয় সার্বভৌমত্ব সংরক্ষণ (হিফজুল ওয়াতান) ইত্যাদি।

উদাহরণস্বরূপ, রাষ্ট্র বা মাতৃভূমি সংরক্ষণকে কেন একটি স্বাধীন উদ্দেশ্য হিসেবে দেখা হবে? কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কোনো জাতি যদি তার রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হারায়, তবে সেখানে জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষাব্যবস্থার সবকিছু ধ্বংসের সম্মুখীন হয়। একটি শক্তিশালী ও নিরাপদ রাষ্ট্র ছাড়া কোনো নাগরিকের পক্ষে স্বধর্ম পালন বা শান্তিতে জীবনযাপন করা অসম্ভব। নিজ দেশকে আগারীর হাত থেকে রক্ষা করা শরিয়তে এক মৌলিক দায়িত্ব। কোরআনে অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে: “যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়, তবে তোমরা তাদের মধ্যে সমঝোতা করিয়ে দাও; অতঃপর তাদের এক দল যদি অন্য দলের ওপর অন্যায় চড়াও হয়, তবে যে দলটি চড়াও হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না সে আল্লাহর সিদ্ধান্তের দিকে ফিরে আসে।” (সুরা হুজুরাত, আয়াত: ৯)। একজন নাগরিকের বাক-স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রক্ষা করা শুধু প্রশাসনিক বিষয় নয়, বরং তা সরাসরি শরিয়তের মূল উদ্দেশ্যের আধুনিক প্রয়োগ। শারীরিক নিরাপত্তার মতই মানবিক মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও সমান জরুরি।

শরিয়তের প্রতিটি মূল উদ্দেশ্যের সঙ্গে কিছু পরিপূরক বা শাখাগত উদ্দেশ্য (তাকমিলিয়্যাহ) জড়িত। সময় ও সমাজের পরিবর্তনের সাথে এই পরিপূরক উদ্দেশ্যগুলো নতুন আইনের জন্ম দিয়ে ইসলামি বিধানকে গতিশীল রাখে। উদাহরণত, পরিবার ও বংশধারা রক্ষার মূল বিধান ব্যভিচার নিষিদ্ধকরণ হলেও, বর্তমান ডিজিটাল যুগে চরিত্র ধ্বংসকারী ও উসকানিমূলক মাধ্যম নিয়ন্ত্রণ করা একটি পরিপূরক উদ্দেশ্য হয়ে উঠেছে। তেমনই, মদ নিষিদ্ধকরণের মাধ্যমে মেধা রক্ষার পাশাপাশি আজকের জ্ঞানভিত্তিক বিশ্বে সকল শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক করা এবং স্কুলছুট শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরানো মেধা সংরক্ষণেরই প্রধান পরিপূরক লক্ষ্য। সম্পদ রক্ষার ক্ষেত্রে সদকাতুল ফিতর বা জাকাতে শুধু খাদ্যশস্যের পরিবর্তে নগদ অর্থ প্রদানের ফতোয়াই প্রমাণ করে যে, দরিদ্র মানুষের যুগের চাহিদা পূরণে শরিয়ত কতটা নমনীয় হতে পারে।