মানুষের উপলব্ধি ও জ্ঞানের জগতে কোন বিষয়টিকে প্রকৃত সত্য হিসেবে গণ্য করা হবে, তা নিয়ে এক মৌলিক প্রশ্নের অবতারণা করে ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্ব। শুধুমাত্র কোনো বক্তব্য বিপুল মানুষের কাছে সমাদৃত হওয়া, বাস্তবে কাজে লাগা কিংবা পরীক্ষাগারে বারবার প্রমাণিত হওয়াই সত্যকে শনাক্ত করার জন্য যথেষ্ট কি না, নাকি আরও গভীরতর কোনো মিজান রয়েছে—সেই অনুসন্ধানই এখানে মুখ্য। ফিতরাতি বাস্তুবিদ্যার ভাষ্যমতে, তথ্যের যথার্থতায় সীমাবদ্ধ নয় সত্যের পরিধি। তথ্য সত্যের একটি প্রাথমিক ধাপ হতে পারে, কিন্তু সেটিই চূড়ান্ত পরিণতি নয়। প্রকৃত সত্য হলো এমন এক জ্ঞান যা অস্তিত্বের প্রকৃত নেজামের সাথে মিল রেখে চলে। অর্থাৎ যখন কোনো বক্তব্য সৃষ্টিগত বাস্তবতা, মানুষের ফিতরাত, নৈতিক ইনসাফ এবং অস্তিত্বের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তখনই কেবল তা সত্যের মর্যাদা পায়। এই দর্শনে সত্য কোনো খণ্ডিত উপাত্ত নয়; এটি একটি ব্যাপকতর ইনসিজাম বা সমগ্র সামঞ্জস্য। এই সামঞ্জস্য যত গভীর হবে, জ্ঞানের সত্যতার স্তরও ততই উচ্চতর হবে। মিথ্যা পরিস্থিতিতে বিচ্ছিন্নতা তৈরি করে, পক্ষান্তরে সত্যি সংযোগ স্থাপন করে। বাস্তবতার বিচ্ছিন্ন স্তরগুলোকে অর্থপূর্ণ নেজামে গেঁথে তোলাই সত্যের স্বাভাবিক লক্ষণ। সত্য এক এবং অভিন্ন হলেও, মানুষ তা বিভিন্ন গভীরতায় উপলব্ধি করে। কোনো জ্ঞান হয়তো সত্যের একটি অংশমাত্র ধারণ করে, আবার অন্যটি সমগ্রকে অনেক বেশি প্রকাশ করতে সক্ষম। সুতরাং, সত্যের কাছাকাছি বা দূরে থাকারও একটি স্তরক্রম রয়েছে। যে জ্ঞান বাস্তবতা, ফিতরাত, নৈতিকতা ও ওহি থেকে আগত মিজানের সাথে যতখানি সংগতিপূর্ণ, তা ততবেশি সত্যের প্রতিনিধিত্ব করে। ওহি এখানে প্রতিদ্বন্দ্বী কোনো জ্ঞান নয়; বরং অস্তিত্বের সর্বাধিক পূর্ণাঙ্গ ব্যাখ্যাগত মানদণ্ড। কারণ মানুষের অভিজ্ঞতা আংশিক, যুক্তি সীমিত এবং পর্যবেক্ষণ পরিবর্তনীয়। পক্ষান্তরে, সৃষ্টিকর্তা সম্পূর্ণ অস্তিত্বের জ্ঞানের অধিকারী। ওহি এমন এক দৃষ্টিভঙ্গি সরবরাহ করে যা সমগ্র সৃষ্টির নেজামকে একই মুহূর্তে দর্শন করায়।
ফলে, সত্য নির্ধারণ কোনো একটি মাত্র পরীক্ষার ফলাফল নয়, বরং এটি বহুস্তরবিশিষ্ট শাহাদাতের এক সমবেত মজমা।
ফিতরাতি বাস্তুবিদ্যা সত্যকে চারটি ভিন্ন মাত্রায় যাচাই করে দেখে। প্রথমত, বাস্তবতার সাক্ষ্য— কোনো জ্ঞানকে জড়জগতের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কষ্টিপাথরে সফল হতে হবে। দ্বিতীয়ত, ফিতরাতের সাক্ষ্য—মানুষের সুস্থ ও অবিকৃত অন্তঃপ্রকৃতি যদি ধারাবাহিকভাবে কোনো বিষয়কে অন্যায়, অমানবিক বা ভারসাম্যহীন ভাবে, তবে সেই জ্ঞানকে পুনরায় বিবেচনা করা জরুরি। তৃতীয়ত, নৈতিক সাক্ষ্য—যে জ্ঞান ধারাবাহিকভাবে জুলুম, ধ্বংস ও বিশ্বাসভঙ্গের দিকে পরিচালিত করে, তা আংশিক কার্যকর হলেও সম্পূর্ণ সত্যের অভিধা দাবি করতে পারে না। চতুর্থত, ওহিগত সাক্ষ্য, যা চূড়ান্ত ব্যাখ্যা প্রদান করে। এ কারণেই এই মতবাদ উপযোগবাদী সত্যতত্ত্ব থেকে নিজেকে পৃথক রাখে। একটি ধারণা কেবল কার্যকর হলো মানেই তা সত্য হয়ে ওঠে না। ইতিহাস সাক্ষী, বহু অন্যায় ব্যবস্থা শতাব্দীকাল টিকে ছিল, কিন্তু সেই টিকে থাকা কখনোই তাদের ন্যায়সংগত প্রমাণিত করেনি। একইভাবে, সংখ্যাগরিষ্ঠের সমর্থনও সত্যের নিশ্চয়তা দেয় না, কেননা সত্য ভোটের বিষয় নয়; এটি বাস্তবতার সাথে সংগতির ফল। তেমনি নিছক যুক্তিগত ধারাবাহিকতাও পর্যাপ্ত নয়। একটি অভ্যন্তরীণ সুশৃঙ্খল চিন্তাও যদি মানবমর্যাদা, প্রকৃতির ভারসাম্য বা অস্তিত্বের উদ্দেশ্যকে অস্বীকার করে, তা হলে তা পূর্ণ সত্য হতে পারে না। নতুন কোনো জ্ঞান সত্যকে বদলে দিতে পারে না, বরং তা সত্যের সাথে সম্পর্ক ও উপলব্ধিকে আরও আলোকিত করতে পারে। সত্য নিজে চিরন্তন ও অপরিবর্তনীয়, কিন্তু সেই সত্য সম্পর্কে মানুষের উপলব্ধি ক্রমান্বয়ে পূর্ণতার দিকে ধাবিত হয়। যখন নতুন আবিষ্কার প্রতিষ্ঠিত সত্যের সাথে আপাতবিরোধ তৈরি করে, তখন ফিতরাতি বাস্তুবিদ্যা প্রথমেই সত্যকে চ্যালেঞ্জ না করে, বরং মানুষের ব্যাখ্যা, পদ্ধতি ও উপলব্ধিকে পুনর্বিবেচনার আহ্বান জানায়।
সত্যের আরও একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এর ফলপ্রসূতা, কিন্তু তা তাৎক্ষণিক সফলতার অর্থে নয়, বরং সৃষ্টিগত ভারসাম্য সংরক্ষণের অর্থে। যে জ্ঞান মানুষকে আমানতদার হিসেবে গড়ে তোলে, প্রকৃতির সাথে ন্যায়সংগত সম্পর্ক স্থাপন করে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে এবং মানুষের অন্তরকে তার ফিতরাতের পথে প্রত্যার্তন করায়, সেই জ্ঞানই সত্যের বেশি নিকটবর্তী। সত্য কেবল জানার বিষয় নয়, এটি অস্তিত্বকে তার যথার্থ জায়গায় প্রতিষ্ঠিত করার ক্ষমতাও ধারণ করে। অপরপক্ষে, বাতিল হলো সেই জ্ঞান যা নেজামের মধ্যে বিচ্ছিন্নতা, জুলুম, ফিতরাতের বিরোধিতা ও উদ্দেশ্যহীনতা সৃষ্টি করে। এ কারণে সত্যকে কোনো একক তথ্য, বিচ্ছিন্ন যুক্তি বা অস্থায়ী কার্যকারিতার নাম দেওয়া যায় না। সত্য হলো এমন এক অভিন্ন হাকিকত, যেখানে বাস্তবতা, ফিতরাত, নৈতিকতা, বুদ্ধি, অভিজ্ঞতা ও ওহি একই নেজামে মিলিত হয়ে পরস্পরের পক্ষে সাক্ষ্যদেয়। এই সাক্ষ্যগুলোর মাঝে যত গভীর ইনসিজাম গড়ে ওঠে, সত্য তত অধিক উন্মোচিত হয়। সত্যের আরেকটি পরিচয় তার তাওহিদি চরিত্রে নিহিত, যা অস্তিত্বকে যথার্থ সম্পর্ক, উদ্দেশ্য ও আমানতের ভেতর স্থাপন করে। পরিণামে সত্যের চূড়ান্ত রূপ হয় সম্পর্কের পুনর্প্রতিষ্ঠা, আর বাতিলের চূড়ান্ত পরিণতি হলো সেই সম্পর্কের বিচ্ছেদ। কাজেই কেবল একটি বক্তব্যের যথার্থতা প্রমাণ করেই সত্যকে জানা হয়ে যায় না। সত্যকে জানার অর্থ এমন এক দৃষ্টিভঙ্গি লাভ করা, যা মানুষ, প্রকৃতি ও সৃষ্টির সার্বিক উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে অস্তিত্বকে তার নিঁজস্ব স্থানে দাঁড় করাতে পারে। সুতরাং সত্য কখনোই কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পদ হতে পারে না; মানুষ কেবল সত্যের অন্বেষণকারী। সত্যকে বশীভূত করার মধ্যে নয়, বরং সত্যের নিকট আত্মসমর্পণই হলো জ্ঞানের প্রকৃত পরিপক্বতা।
জনপ্রিয়তা বা কার্যকারিতা নয়, ফিতরাতি বাস্তুবিদ্যায় সত্যের মানদণ্ড বহুস্তরীয়
ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে সত্য কোনো বিচ্ছিন্ন তথ্য বা জনপ্রিয়তার ফল নয়; এটি বাস্তবতা, মানব-ফিতরাত, নৈতিকতা ও ওহির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক সমন্বিত হাকিকত। সত্যের স্তরক্রম রয়েছে এবং তা অর্জনের পথে আত্মসমর্পণই জ্ঞানের পরিপূর্ণতা।




