রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রাতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ৪ আগস্ট থেকে ক্যাম্পাসে অতিথি বা দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। বিকেলে শিবির ও ছাত্রদলের বিক্ষোভের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সংঘর্ষের প্রতিক্রিয়ায় আজ বিকেলে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে উভয় পক্ষ। রংপুর মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সামছুল ইসলাম জানান, ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা বিকেল ৫টা ৪০ মিনিটে বিক্ষোভ ও সমাবেশ করবে। শহরের লালবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা আবু সাঈদ চত্বরে যাবে। অন্যদিকে, রংপুর মহানগর ছাত্রদলের নেতৃত্বে আজ বিকেল চারটায় আবু সাঈদ চত্বরে বিক্ষোভ করার বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন।

উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।