বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে জমি ও গোচারণভূমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)। তিনি দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নান্টুর মোড় এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে বেধড়ক মারধর করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, পূর্ববিরোধের জেরে এ হামলা চালানো হয়। ঘটনার পর থেকে হামলায় জড়িত ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।