জাপান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরে নিতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির কূটনৈতিক মহল সূত্রে জানা গেছে, আগামী মাস দুয়েকের মধ্যে এই সফর আয়োজনের পরিকল্পনা চলছে। এর আগে চলতি বছরের আগস্ট মাসের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের রূপরেখা ও সময়সূচি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ মনোযোগ দিয়েছে টোকিও। জাপানের এই উদ্যোগকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তনের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যে চলমান বিভিন্ন প্রকল্প, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত কয়েক বছরে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হয়ে উঠেছে। মেট্রোরেল, সমুদ্রবন্দরের গভীরতা বৃদ্ধি ও বিভিন্ন অবকাঠামো প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সফর বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ এনে দিতে পারে, বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে।

জাপানের আমন্ত্রণের বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও কূটনৈতিক স্তরে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগস্টের পররাষ্ট্রসচিব বৈঠকের পর প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।