ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার অভিযান চালিয়ে ইউসুফ হোসেনসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের। তিনি আরও বলেন, মূল অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন একটি অবৈধ বালুমহাল নিয়ে প্রতিবেদন তৈরি করতে যান মোহনা টেলিভিশনের প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার। সেখানে পৌঁছে ছবি ও ভিডিও ধারণ করার সময় হঠাৎ কয়েকজন হেলমেট পরা ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে নদীতে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করে হত্যার হুমকিও দেয়।

এম নিজাম উদ্দিন সাঁতরে তীরে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইট ও কাঠের টুকরার আঘাতে তাঁর মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার রাতেই ছাগলনাইয়া থানায় হত্যাচেষ্টার মামলা করেন তিনি। মামলায় ইউসুফ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে সাংবাদিকের ওপর এই হামলার প্রতিবাদে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে শনিবার দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে ও সাপ্তাহিক স্বদেশপত্র পত্রিকার সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তারা এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে নিজাম উদ্দিনকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় এবং তাকে বেধড়ক মারধর করে হত্যার চেষ্টা করা হয়। তারা হামলার সঙ্গে জড়িত সব আসামি ও নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে আরও বক্তব্য দেন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রবিউল হক, মোহাম্মদ শাহাদাত হোসেন, কামাল উদ্দিন ভূঁইয়া, এম এ সাঈদ খান, জসিম মাহমুদ ও আতিয়ার হওলাদার প্রমুখ।

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।