দেশজুড়ে হামের প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) হাম ও এর প্রাথমিক লক্ষণ নিয়ে মোট ৭৮৬ শিশু আক্রান্ত হয়েছে। নতুন সংক্রমিতদের মধ্যে ৮৪ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হয়েছে, বাকি ৭০২ জনের মাঝে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে তিন শিশু মৃত্যুবরণ করেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে শুরু করে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে। নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন, আর ৬৬০ জন হামের লক্ষণ নিয়ে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর লক্ষণ দেখা দিয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ১১ শিশুর মধ্যে। এর মধ্যে ১৩ হাজার ৪১০ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর হামের উপসর্গ ধরা পড়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৪৯১ জন আক্রান্ত, যাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ থাকলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।




