টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১২ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হচ্ছে। গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এবং শমসের পাড়া এলাকায় রেলপথ পানিতে তলিয়ে যায়। বিশেষ করে শমসের পাড়া এলাকায় দেড় থেকে দুই ফুট পানি জমে ছিল। শনিবার বিকেল নাগাদ পানি কমতে শুরু করলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে রেললাইন পরিষ্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হচ্ছে। রোববার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, মৌসুমি বায়ুর প্রভাবে গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের পর থেকে সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে নিমজ্জিত হয়। ফলে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ওই দিন ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সুন্নিয়া মাদ্রাসা এলাকায় আটকা পড়ে। পরে ট্রেনটিকে ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে রাতে তা চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার মধ্যরাতে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, চালুর পর থেকেই কক্সবাজার রেললাইন দেশের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় রেলপথে পরিণত হয়েছে। বর্তমানে এই লাইনে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াত করে। প্রতিদিন এসব ট্রেনে প্রায় আট থেকে নয় হাজার যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে ঢাকা থেকে চলাচলকারী বিরতিহীন ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে।