একজন ব্রিটিশ নাগরিক দাবি করেছেন, তিনি এমন তথ্য উদ্ঘাটন করেছেন যা নির্দেশ করে যে তার সাবেক নিয়োগকর্তা ও বর্তমান মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক যৌন অপরাধে দণ্ডিত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টাইনের সঙ্গে একটি গোপন ব্যবসায়িক সম্পর্কের কথা প্রকাশ করেননি। সাইমন আন্দ্রিয়েস নামের এই ব্যক্তি ওয়াল স্ট্রিটের একটি প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিপুল পরিমাণ এপস্টাইন ফাইলে একটি ইমেইল চেইন আবিষ্কার করেন, যেখানে লুটনিক ও এপস্টাইন ২০১৮ সালে একটি স্টার্টআপ ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন, যে ব্যবসায় দুজনেই জড়িত ছিলেন।

বিবিসির ফাইল অন ফোর ইনভেস্টিগেটসকে আন্দ্রিয়েস জানান, তিনি ফাইলগুলোতে আরও দেখতে পান যে, লুটনিকের একটি প্রতিষ্ঠান ২০১৩ সালে এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত আরেক ব্যক্তি, তৎকালীন প্রিন্স অ্যান্ড্রুয়ের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা অনুযায়ী, প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যুক্ত একটি কোম্পানিকে ১০ লাখ পাউন্ড ঋণ দেওয়ার কথা ছিল, যার মাধ্যমে মূলত তার রাজকীয় যোগাযোগ বাণিজ্যিকভাবে কাজে লাগানোর চুক্তি হতো। আন্দ্রিয়েস এই প্রস্তাবকে "একজন প্রিন্সকে কেনার" প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তবে ফাইলের তথ্যমতে, এপস্টাইন নিজেই প্রিন্সের ব্যবসায়িক সহযোগী ডেভিড স্টার্নকে এই চুক্তির বিপক্ষে সতর্ক করেছিলেন, বিশেষ করে চুক্তির একচেটিয়া শর্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে। উভয় পক্ষের উপদেষ্টারা চার মাস ধরে আলোচনা করলেও শেষ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে ক্যান্টর ফিটজেরাল্ড আলোচনা হওয়ার কথা অস্বীকার না করলেও জানিয়েছে, তারা প্রিন্সের সঙ্গে ব্যবসা শুরু করেনি।

আন্দ্রিয়েস তার প্রাপ্ত তথ্য মার্কিন কংগ্রেসের প্রভাবশালী হাউস ওভারসাইট কমিটির রাজনীতিকদের কাছে হস্তান্তর করেন, মে মাসে লুটনিকের সেই কমিটিতে উপস্থিত হওয়ার আগে। ক্যামেরার বাইরে অনুষ্ঠিত শুনানিতে লুটনিক কমিটিকে বলেন, তার জানামতে, তিনি কেবল চলতি বছরেই জেনেছেন যে এপস্টাইন অ্যাডফিন নামের ওই ডিজিটাল বিজ্ঞাপন কোম্পানিটির সহ-বিনিয়োগকারী ছিলেন। তিনি এপস্টাইনের অপরাধের নিন্দা জানিয়ে ভুক্তভোগীদের প্রতি সমর্থন ব্যক্ত করেন। কিন্তু কমিটির ডেমোক্র্যাট সদস্যরা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেন এবং তার পদত্যাগ দাবিতে ২১টি স্বাক্ষরসংবলিত একটি চিঠি দেন।

এদিকে, আন্দ্রিয়েস তার নিজের নামও এপস্টাইন ফাইলে খুঁজে পেয়ে হতবাক হন। ফাইলে তার নামটি এফবিআইকে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সম্পর্কিত ছিল, যা তিনি তার সাবেক নিয়োগকর্তা বিজিসি পার্টনার্সের সঙ্গে বিরোধের সময় দিয়েছিলেন। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণে অনিয়ম নিয়ে অভ্যন্তরীণভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং ২০১৭ সালে তাকে বরখাস্ত করা হয়। তার কিছু অভিযোগ পরবর্তীতে মার্কিন ডেরিভেটিভস নিয়ন্ত্রক সংস্থার তদন্তে উঠে আসে এবং তদারকি, প্রতিবেদন ও রেকর্ড সংরক্ষণে অসংখ্য লঙ্ঘনের জন্য বিজিসিকে ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। বিজিসি অবশ্য দাবি করেছে, আন্দ্রিয়েসের অভিযোগগুলো নির্ভরযোগ্য ছিল না এবং কর্তৃপক্ষ সেগুলো প্রমাণ করতে পারেনি।

আন্দ্রিয়েস বিবিসিকে বলেন, "আমি হাওয়ার্ড লুটনিকের জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ও আর্থিক সংযোগ প্রকাশ করছি, কিন্তু কোনো আগ্রহ নেই দেখে আমি হতাশ।" হুইসেলব্লোয়িংয়ের জন্য মার্কিন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ৪২০,০০০ ডলারের আর্থিক পুরস্কার পেলেও তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিজিসি এবং ক্যান্টর ফিটজেরাল্ডকে সঠিকভাবে জবাবদিহি করতে বা তাকে প্রতিশোধের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। লুটনিকের পক্ষে হোয়াইট হাউস বিবিসির প্রতিবেদনকে "মরিয়া ও করুণ অপপ্রচার" বলে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে লুটনিক আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যমন্ত্রী।