উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই নতুন মাত্রা যোগ করল মার্কিন সেনাবাহিনীর সি-ড্রোন হামলা। গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো মানবহীন নৌযান বা সি-ড্রোন ব্যবহার করে ইরানের নৌঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এই খবর প্রচার করে।
সেন্টকমের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, একাধিক একমুখী আত্মঘাতী ড্রোন নৌযান দিয়ে ইরানের একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণকেন্দ্রে সফল আঘাত হানা সম্ভব হয়েছে। পোস্টে জানানো হয়, ‘কোরসেয়ার’ মডেলের তিনটি চালকবিহীন নৌযান বন্দর আব্বাস নৌঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়। এই হামলার ফলে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ধারাবাহিক সক্ষমতা ভেঙে পড়েছে বলে দাবি করেছে সেন্টকম। তারা হামলার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
এই হামলার ঘটনা ঘটল উপসাগরীয় অঞ্চলজুড়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে। যদিও একই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সি-ড্রোন ব্যবহার একটি নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা করল, যা যুদ্ধক্ষেত্রে নৌ-প্রযুক্তির প্রয়োগে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।



