ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। হোসেইন কানানি মোকাদ্দেম নামের এই সাবেক কমান্ডার বলেছেন, প্রয়োজন পড়লে হোয়াইট হাউসের ভেতরে থেকেও ট্রাম্পকে নিশানা করতে পারে ইরান। তিনি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
মোকাদ্দেমের বক্তব্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনার প্রসঙ্গও উঠে এসেছে। তাঁর দাবি, ইরান এই আলোচনায় কোনো শান্তিচুক্তির লক্ষ্য নিয়ে অংশ নিচ্ছে না। বরং, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা বিভিন্ন অভিযোগের জবাব দেওয়াই ইরানের মূল উদ্দেশ্য। সাবেক এই কমান্ডার বলেন, ‘আমরা ট্রাম্প ও তাঁর অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছি না। এ আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব খুঁজছি।’
আলোচনা চললেও প্রতিশোধের বিষয়টি থেকে ইরান সরে আসেনি বলেও জানান মোকাদ্দেম। তিনি স্পষ্ট করেন, ‘প্রতিশোধের বিষয়টি আলোচনার টেবিলে পুরোপুরি বহাল রয়েছে।’ তাঁর ভাষ্যমতে, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আসল উদ্দেশ্য হলো উত্তেজনা হ্রাস করা, তবে ইরানের দাবিগুলোকে আরও জোরালোভাবে উপস্থাপন করাও এর অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালী ও ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। এই প্রেক্ষাপটে মোকাদ্দেমের হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।


