দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে উল্লেখযোগ্য ব্যবসায়িক অগ্রগতি দেখিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জানুয়ারি থেকে জুন সময়কালে তাদের নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৭০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেশি।
একই সময়ে প্রতিষ্ঠানটির মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৭ কোটি টাকা। আমানত সংগ্রহেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় মোট আমানত ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৬ কোটি টাকায়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই ছয় মাসে আইপিডিসির পরিচালন আয়ের সিংহভাগ, প্রায় ৬০ শতাংশ, এসেছে মূল অর্থায়ন কার্যক্রম থেকে। এছাড়া, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ায় প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৫৩৪ কোটি টাকায় পৌঁছেছে।
আয়ের দিক থেকেও প্রবৃদ্ধি ধরা পড়েছে। গত বছরের প্রথমার্ধের তুলনায় কোম্পানিটির মোট সুদ আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৮৮ কোটি টাকা হয়েছে। একই সময়কালে নিট সুদ আয়ের বৃদ্ধি ছিল আরও চিত্তাকর্ষক, যা ২২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।
সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের মোট পরিচালন আয় ২৮ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে ২০৬ কোটি টাকায় উন্নীত হয়। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পরিচালন আয় ছিল ১১২ কোটি ২০ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধির প্রতিফলন।
শেয়ার প্রতি সূচকেও ইতিবাচক পরিবর্তন এসেছে। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ আগের ৮ দশমিক ১২ টাকা থেকে বেড়ে ১২ দশমিক শূন্য ২ টাকায় পৌঁছেছে। একইসাথে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ পয়সা থেকে বেড়ে ৪৮ পয়সায় দাঁড়িয়েছে।
আর্থিক এই ফলাফলের বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস মন্তব্য করেন, ‘গ্রাহকদের আস্থাই আমাদের প্রধান শক্তি। আর সেই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।’ চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেছেন, ‘আমাদের এ আর্থিক ফলাফল কোম্পানির শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি এবং সঠিক ব্যবসায়িক পরিকল্পনারই ফল।’




