ম্যানহাটনের ঐতিহাসিক স্ট্র্যান্ড বুকস্টোরে ৬ আগস্ট এক বাংলাদেশি তরুণ লেখকের বইয়ের প্রকাশনা উৎসব হয়ে গেল। বিশ্বখ্যাত এই বইয়ের দোকানটিতে এর আগে নোবেল, বুকার আর পুলিৎজারজয়ী বহু লেখকের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সেদিন স্থান পেল পি. পারমিতার প্রথম উপন্যাস ‘অ্যাপেটাইট’, যা প্রকাশ করেছে ডায়াল প্রেস।
আয়োজনে শতাধিক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। উপন্যাসের কিছু অংশ পাঠ এবং লেখক হওয়ার আকাঙ্ক্ষা ও যাত্রাপথের গল্প শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন পারমিতা। অনুষ্ঠানে প্রবেশ মূল্য ছিল ২০ ডলার, আর জায়গা স্বল্পতার কারণে অনেককে ফিরে যেতেও হয়েছে। ‘নিউইয়র্ক টাইমস’-এর এডিটরস-চয়েসখ্যাত লেখক হেলি জ্যাকবসন পারমিতাকে হলভর্তি সাহিত্য অনুরাগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উপন্যাসের কিছু অংশ পাঠের পর লেখক, শিল্পী, প্রকাশক ও পাঠকেরা প্রশ্ন করার সুযোগ পান।
পারমিতা জানান, এ উপন্যাসের প্রধান চরিত্র আমেরিকাপ্রবাসী বাংলাদেশি নারী, যিনি একটি রেস্তোরাঁয় কাজ করেন এবং তিনি ভীষণ ভক্ত আমেরিকান প্রফেশনাল রেসলার সিয়েরা মিস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে তারকা ও অনুরাগীর সম্পর্কের নানামুখী জটিলতাই এই উপন্যাসের মূল উপজীব্য। পারমিতা যখন বলেন, ‘আমার মা মেরিনা মনে করেন, এ উপন্যাসের প্রধান চরিত্র জরিনা নামটি তাঁর মেরিনা নাম থেকে নিয়েছি’, তখন হাসির রোল ওঠে।
আলাপ পর্ব শেষে পারমিতার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। কেউ কেউ নিয়ে এসেছিলেন ‘অ্যাপেটাইট’ লেখা কেক, আবার কেউ বইয়ের প্রচ্ছদ ও লেখকের ছবি সম্বলিত প্রিন্ট করা টি-শার্ট। অগ্রিম অর্ডার করা পাঠকেরা লাইনে দাঁড়িয়ে অটোগ্রাফ নেন। কিছুক্ষণের মধ্যেই স্ট্র্যান্ড বুকসের ইভেন্ট কো–অর্ডিনেটর ক্রিস্টি ম্যাককুইন ঘোষণা দেন, ‘সোল্ড আউট। সোল্ড আউট। আর কপি নেই।’
বইটি লেখার উপাদান সংগ্রহ করতে গিয়ে রেস্তোরাঁর যে রন্ধনশিল্পীদের সঙ্গে কথা বলেছেন পারমিতা, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে। তাঁরাও এসেছিলেন। তবে অনেকেই ভেবেছিলেন অনুষ্ঠানে এসে বই কিনতে পারবেন। ক্রিস্টি বলেন, ‘আমরা আসলে অগ্রিম অর্ডার অনুযায়ী বই এনেছি পেঙ্গুইন থেকে।’ আরেকজন ইভেন্ট কো–অর্ডিনেটর টিকো তজিপতারতো বলেন, ‘আমাদের ইভেন্ট টিম জানত “অ্যাপেটাইট” ভালো বিক্রি হবে। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছিলাম। এ জন্য অর্ডারের চেয়ে কিছু বই বেশি এনেছিলাম। সেগুলোও শেষ হয়ে গেছে।’
১৯২৭ সালে নিউইয়র্কে যাত্রা শুরু করা স্ট্র্যান্ড বুকস্টোর বইপ্রেমীদের কাছে একটি আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ দর্শনীয় স্থান। নোবেলজয়ী টনি মরিসন, কাজুও ইশিগুরো, বুকার পুরস্কারপ্রাপ্ত সালমান রুশদি, পুলিৎজার পুরস্কারে ভূষিত ঝুম্পা লাহিড়ীর মতো বিশ্বখ্যাত লেখকদের বই নিয়ে অনুষ্ঠান হয়েছে এখানে। সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশি লেখকের নাম।
বইটি পেপারব্যাক, অডিওবুক এবং ই-বুক—এই তিন সংস্করণেই প্রকাশ করেছে পেঙ্গুইন। পেপারব্যাক সংস্করণটি ১৮ ডলারে পাওয়া যাবে অ্যামাজন, বার্নস অ্যান্ড নোবেল, বুকস-এ-মিলিয়ন, বুকশপ ডটওআরজি, হাডসন বুকসেলার্স, পাওয়েলস, টার্গেট ও ওয়ালমার্টে। ৮ ঘণ্টা ৯ মিনিটের অডিওবুকটি শোনা ও ডাউনলোড করা যাবে অ্যাপল বুকস, অডিবল, অডিওবুকস ডটকম, অডিওবুকস্টোর ডটকম, বার্নস অ্যান্ড নোবেল, চার্প, গুগল প্লে, কোবো, লিব্রো ডটএফএম এবং স্পটিফাইয়ে। ই-বুক সংস্করণটি কিন্ডল, কোবো, গুগল প্লে বুকস ও অ্যাপল বুকসে পাওয়া যাবে। সব মাধ্যমে বিক্রির রয়্যালটি পাবেন পারমিতা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের প্রধান কেন্দ্রস্থল জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ৩৪ এভিনিউর দ্য ওয়ার্ল্ডস বরো বুক শপ এবং রুজভেল্ট অ্যাভিনিউর ৭৪ স্ট্রিটের মুক্তধারাতেও পাওয়া যাবে ‘অ্যাপেটাইট’।
বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউসের সহযোগী প্রতিষ্ঠান দ্য ডায়াল প্রেস ২০২৩ সালের ২০ আগস্ট এক সপ্তাহের জন্য উন্মুক্ত পাণ্ডুলিপির আহ্বান করেছিল। হাজারখানেক পাণ্ডুলিপি থেকে ‘অ্যাপেটাইট’ নির্বাচিত হয়। পারমিতা বলেন, ‘বইটি ২০২৩ সালের জুনে লেখা শুরু করেছিলাম। আগস্টে লেখার কাজ শেষ হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সম্পাদক কেটি নিশিমোটোর সঙ্গে আলোচনা চলে। পাশাপাশি এমএমকিউএ এজেন্সির এজেন্ট অ্যাশলি লোপেজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয় এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাণ্ডুলিপিটি সম্পাদনা করে মে মাসে সম্পাদকের কাছে পুনরায় জমা দেওয়া হয়। ২০২৪-এর জুনে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।’
স্কুলজীবন থেকেই লেখালেখির শুরু পারমিতার। বাংলাদেশে ‘ডেইলি স্টার’–এ তিনি লিখছেন ২০১০ সাল থেকে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে আসার পর তাঁর লেখা ‘টিন ভোগ’, ‘দেম’, ‘কালার ব্লগ’, ‘অটোস্ট্র্যাডল’, ‘সাদাম্পটন রিভিউ’ এবং ‘ডগউড জার্নাল’-এ প্রকাশিত হয়েছে। ২০২২ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ে মাস্টার্স করেন পারমিতা। পরের বছর সাদার্ন কানেটিকাট স্টেট ইউনিভার্সিটিতে একই বিষয়ে শিক্ষকতা শুরু করেন তিনি।
এ বই নিয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসব্যাপী যুক্তরাষ্ট্রে চলছে পারমিতার বিশেষ বুক ট্যুর। ৮ আগস্ট নিউ হেভেনের পসিবল ফিউচারসে পাঠকের সঙ্গে কথা বলেছেন অ্যানেলিস চেনকে সঙ্গে নিয়ে। ২৫ আগস্ট প্রভিডেন্সের রিফ র্যাফ বুকসে, ২৭ আগস্ট সামারভিলের ন্যারেটিভ বুকশপে এবং ৮ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির লস্ট সিটি বুকসে উরসুলা ভিলারিয়াল-মূরার সঙ্গে আলোচনায় অংশ নেবেন পারমিতা।




