রাজধানীর কল্যাণপুরে ২০১৬ সালের ২৫ জুলাই জাহাজ বাড়ি নামক একটি ভবনে ঘটে যাওয়া ঘটনায় ৯ তরুণের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। পুলিশ দাবি করেছিল, সেখানে জঙ্গি আস্তানা ছিল এবং অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করা হয় যে এটি একটি ‘জঙ্গি নাটক’ মাত্র। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে।
আট আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।
এই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে শেখ হাসিনাসহ বাকি ছয় আসামি পলাতক।
প্রসিকিউশনের দাবি, ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের জাহাজ বাড়িতে পুলিশের সোয়াট ও সিটিটিসি সদস্যরা ৯ তরুণকে আটকে রেখে গুলি করে হত্যা করেন। পরে জঙ্গি হত্যা বলে সংবাদমাধ্যমে প্রচার করে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় নিহত তরুণদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিচার দাবি করে আসছেন।




