বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ নিয়ে সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ জোর দেন। তিনি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেন। তাঁর মতে, প্রকৃত উপকারভোগীদের কাছে এই সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এই লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনপ্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। বৈঠকে কর্মসূচির পর্যায়ক্রমিক সম্প্রসারণের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।




