ফল সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ভর্তি মেলা। গতকাল রোববার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুরের আদাবর এলাকায় অবস্থিত ক্যাম্পাসে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বি. জে. (অব.) মো. মাহবুবুল হক।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় ও বিভাগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আধুনিক সুযোগ-সুবিধা এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে সরেজমিনে ঘুরে দেখতে পারবেন আগ্রহীরা। মেলা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও অভিজ্ঞ অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে উচ্চশিক্ষার নানা বিষয় এবং বর্তমান যুগের উপযোগী শিক্ষার দিকনির্দেশনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন তারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভর্তি মেলা, যা আগামী ২১ আগস্ট শুক্রবার শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের প্রধান এম এম এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. আবু ইছা গাজী, ট্রিপল-ই বিভাগের প্রধান সৈয়দ খালিদ হোসেন এবং স্থাপত্য বিভাগের প্রধান শেখ ইতমাম সউদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।




