দেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো অভাব নেই উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি গবেষণায়ও সাফল্য দেখিয়ে যাচ্ছে। বিদেশে অবস্থানরত এই মেধাবীদের ‘রিভার্স ব্রেন ড্রেন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। ‘বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের রয়েছে’— এই মন্তব্যও করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আরও সহজে বাংলাদেশে আসতে পারবেন। ফলে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশের উচ্চশিক্ষা বৈশ্বিক পরিমণ্ডলে বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে শিক্ষার মানোন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার ওপর জোর দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার প্রসার ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গবেষণার পরিধি ও মান বাড়ানোর তাগিদ দিয়ে তিনি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশের উচ্চশিক্ষা আন্তর্জাতিক পর্যায়ে আরও সংযুক্ত হতে পারে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।