প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের প্রস্তুতি নিয়ে বিশেষ আয়োজন প্রকাশিত হয়েছে। আজ আলোচনায় স্থান পেয়েছে ‘দূরের পাল্লা’ কবিতাটি, যেখানে নদীতীরের জীবন ও প্রকৃতির চিত্র ফুটে উঠেছে।
কবিতাটির গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখানে তুলে ধরা হলো:
প্রশ্ন: মাঝিরা কীভাবে নৌকা চালায়? উত্তর: ‘দূরের পাল্লা’ কবিতায় তিন মাঝি তিনটি বইঠা নিয়ে নৌকা চালায়। তারা ধীর গতিতে নৌকা বায় এবং চালানোর সময় গান গায়।
প্রশ্ন: মাঝিরা দূরের যাত্রা করে কীভাবে? উত্তর: দূরের উদ্দেশ্যে যাত্রা করতে তিন দাঁড়ের সরু নৌকা ব্যবহার করে মাঝিরা। নৌকায় তিনজন মাঝি থাকেন, যারা ধীরে ধীরে নৌকা বাইতে থাকেন এবং গান গাইতে গাইতে সারা দিন দূরের পথ পাড়ি দেন।
প্রশ্ন: ‘দূরের পাল্লা’ কবিতায় মাঝিরা সারা দিন কী কী করে? উত্তর: কবিতায় দেখা যায়, একটি নৌকায় তিন মাঝি তিনটি দাঁড় নিয়ে সারা দিন দূর থেকে দূরে যাওয়া-আসা করে। পথে প্রকৃতির নানা দৃশ্য উপভোগ করেন তারা। মাঝে মাঝে গান গেয়ে ধীরগতিতে নৌকা বেয়ে এগিয়ে যান।
প্রশ্ন: নদী থেকে কলসিতে জল ভরার দৃশ্যটি কেমন? উত্তর: কবিতায় ঘোমটা পরা এক বউ নদীতে এসে ঝকঝকে কলসিতে জল ভরে। জল ভরার সময় কলসি থেকে বকবক শব্দ ওঠে, যা দৃশ্যটিকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলে।
প্রশ্ন: ‘দূরের পাল্লা’ কবিতার মূলভাব কী? উত্তর: কবিতার মূল ভাব হলো নদীতীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনধারার চিত্র। সেখানে তিন মাঝি সারা দিন নৌকা বেয়ে চলে। নদীর দুই পাড় ঝোপঝাড় আর জঙ্গলে ঘেরা। জেগে ওঠা চরে বাঁশের কঞ্চি দিয়ে মানুষ ঘর তৈরি করে। বনহাঁস চরে ডিম পাড়ে এবং শেওলা দিয়ে তা ঢেকে রাখে। পানকৌড়ি জলে ডুব দেয়, আর ঘোমটা পরা বউও টুপটুপ করে ডুব দেয়। তার ঝকঝকে কলসিতে জল ভরার সময় বকবক শব্দ হয়। সেই পাশ দিয়ে তিন মাঝি গান গাইতে গাইতে ধীরে ধীরে এগিয়ে যায়।
আলোচনাটি প্রণয়ন করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকার শিক্ষক মোস্তাফিজুর রহমান। পরীক্ষার্থীদের জন্য এটি একটি সহায়ক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়।




