অনলাইন কেনাকাটায় ছাড় বা নগদ ফেরতের লোভে অতিরিক্ত পণ্য কার্টে যোগ করার প্রবণতা অনেকেরই আছে। তবে ভারতের বাসিন্দা চেতন বশিষ্ঠের অভিজ্ঞতা এই ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি একটি ই-কমার্স প্ল্যাটফর্মে ৮৯৮ রুপির একটি দেয়ালঘড়ি কিনতে চেয়েছিলেন। সেই সময় প্ল্যাটফর্মটি একটি বিশেষ অফার চালু করেছিল: কমপক্ষে ৮৯৯ রুপির ক্রয়ে ১০০ রুপি ক্যাশব্যাক। মাত্র এক রুপির জন্য অফারটি হাতছাড়া হতে দেখে তিনি কার্টে সবচেয়ে সস্তা পণ্যটি খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির পর তিনি পান ৫ রুপির একটি ‘পার্ক’ চকলেট। দুটি পণ্য মিলিয়ে ৯০৩ রুপি পরিশোধ করে তিনি ১০০ রুপি ক্যাশব্যাকও পেয়ে যান। তবে স্বয়ংক্রিয় লজিস্টিক সিস্টেমের কারণে বিপত্তি ঘটে। অর্ডার নিশ্চিত হওয়ার পরপরই ঘড়িটির অর্ডার বাতিল হয়—কারণ গুদামে মজুত ছিল না। কিন্তু চকলেটের অর্ডারটি সচল থাকে। ঠিক ১০ মিনিট পর তার দরজায় হাজির হন দুই মোটরসাইকেল ডেলিভারি বয়। দরজা খুলে চেতন দেখেন তাঁরা দুজনেই হাসছেন। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, কে মাত্র ৫ টাকার একটি চকলেট অর্ডার করেছে তা দেখতে তাঁরা দূর থেকে ছুটে এসেছেন। চেতন রেগে না গিয়ে বিষয়টিকে মজা হিসেবেই নেন। তিনি বলেন, তাঁরা আগে ফোন করলে তিনি চকলেটটি তাঁদের খেয়ে নিতে বলতেন। ঘটনাটি লিংকডইনে শেয়ার করার পর ব্যাপক সাড়া পড়ে। নেটিজেনরা এই হাস্যকর পরিস্থিতিতে মজা পেয়েছেন এবং অনেকেই নিজেদের অনুরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চেতনের এই গল্পটি আবারও মনে করিয়ে দেয় যে অনলাইন অফারের পেছনে ছুটতে গিয়ে কখনও কখনও অপ্রত্যাশিত ও মজার পরিণতি হতে পারে।
অনলাইন অফারের ফাঁদ: ১০০ রুপি ক্যাশব্যাক পেতে গিয়ে মিলল ৫ রুপির চকলেট
ভারতের এক গ্রাহক ১০০ রুপি নগদ ফেরত পেতে ৯০৩ রুপির অর্ডার দেন। কিন্তু মূল পণ্য বাতিল হয়ে যায় এবং হাতে আসে মাত্র ৫ রুপির একটি চকলেট। ডেলিভারি বয়েরাও ঘটনাটি দেখতে এসে হাসিতে মাতেন।



