জনপ্রিয় সঙ্গীতদল ক্যাটসআইয়ের সদস্য সোফিয়া লাফোর্তেজা তার মানসিক স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে কিছুদিনের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ের মধ্যে দলের কোনো প্রচারমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন না তিনি। গত শুক্রবার ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্সে প্রকাশিত এক বিবৃতিতে ক্যাটসআইয়ের রেকর্ড লেবেল হাইবে এক্স জেফেন রেকর্ডস জানিয়েছে, সোফিয়া আপাতত দলের আসন্ন সব প্রচারণা থেকে দূরে থাকবেন। তার মানসিক শান্তি ও সার্বিক সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সোফিয়াকে প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে তাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিয়মিত চিকিৎসা সেবার আওতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে তার শারীরিক ও মানসিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ বিষয়ে ভক্তদের জানিয়েছেন সোফিয়া। তিনি লিখেছেন, সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না, তবে তিনি এখন উপলব্ধি করেছেন যে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াই সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন, এখনই নিজের মন ও শরীরের প্রতি যত্নশীল না হলে ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে তার প্রিয় কাজটি করে যেতে পারবেন না। সুস্থ হয়ে আরও বেশি শক্তিতে ফিরে আসার প্রত্যাশা প্রকাশ করেছেন এই গায়িকা।
উল্লেখ্য, ২০২৩ সালে ছয় সদস্য নিয়ে ক্যাটসআই যাত্রা শুরু করে। দলের বাকি সদস্যরা হলেন লারা, ড্যানিয়েলা, মানন, মেগান ও ইউনচে। ‘গনার্লি’, ‘পিঙ্কি আপ’ ও ‘গ্যাব্রিয়েলা’-র মতো গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নাম তুলে ধরেছে দলটি। গত বছর গ্র্যামি পুরস্কারের দুইটি বিভাগে মনোনয়ন পেয়েছিল তারা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দলের আরেক সদস্য মানন ব্যানারম্যানও স্বাস্থ্যগত কারণে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন, যিনি এখনো দলে ফিরে আসেননি। সোফিয়ার বিরতির ফলে এখন চার সদস্য নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হবে ক্যাটসআইকে।




