প্রায় সাড়ে চার দশক আগে শেখর কাপুরের পরিচালনায় ‘মাসুম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল এক শিশুশিল্পীর। রাহুল নামের সেই চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন যুগল হংসরাজ। এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘মাসুম: দ্য নেক্সট জেনারেশন’-এ ফিরছেন তিনি, যা পরিচালনা করবেন শেখর কাপুর নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘোষণা নিশ্চিত করেছেন পরিচালক।

শেখর কাপুর জানান, এটি কোনো ভৌগোলিক স্থানে ফেরা নয়, বরং দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে থাকা একটি গল্পের কাছে প্রত্যাবর্তন। তিনি বলেন, ‘মাসুম’ নির্মাণের সময় যুগল ছিল একটি ছোট্ট শিশু। আজ সে প্রতিষ্ঠিত অভিনেতা। তাকে আবার স্বাগত জানানো আবেগঘন ও তৃপ্তিদায়ক। কিছু সম্পর্ক যে সিনেমার গণ্ডি ছাড়িয়ে যায়, তা নাসির, শাবানা ও যুগলের পুনর্মিলন দেখে বোঝা যায়। নতুন অধ্যায়েও দর্শক সেই সততা ও আবেগ অনুভব করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শিশুশিল্পী হিসেবে ‘মাসুম’-এ কাজ করার মাধ্যমেই চলচ্চিত্রে পথচলা শুরু হয় যুগল হংসরাজের। এক পরিবারে রাহুলের প্রবেশের পর সেখানকার সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি। চার দশকের বেশি সময় পর নিজের প্রথম পরিচালকের হাত ধরে আবার কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

এই অভিনেতা জানান, শেখর কাপুর যখন ফোন করে নতুন ‘মাসুম’-এ তাকে রাখার কথা জানান, তখন তিনি ভীষণ খুশি হয়েছিলেন। ‘মাসুম’ তার জীবনের ও পরিচয়ের একটি অংশ। এত বছর পরও তিনি ‘মাসুম বয়’ হিসেবেই পরিচিত। ছবিটি মুক্তির ৪০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মানুষ তাকে ভালোবাসা দিয়ে মনে রেখেছে। এমনকি নিউইয়র্কেও অনেকে থামিয়ে জানান, তাঁদের সন্তান বা নাতি-নাতনিরা ‘লাকড়ি কি কাঠি’ গানটি শোনে। তাঁরা পরিবারের সদস্যের মতোই আচরণ করেন। এই বিশেষ পরিবারের অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং মনে হচ্ছে জীবন পুরো বৃত্ত সম্পূর্ণ করল।

মূল সিনেমার আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে ‘মাসুম: দ্য নেক্সট জেনারেশন’। সমসাময়িক পারিবারিক সম্পর্ক, পরিচয়ের সংকট এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পর্কের বদলে যাওয়া নানা দিক উঠে আসবে ছবিটিতে। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি ও যুগল হংসরাজের পাশাপাশি অভিনয় করবেন মনোজ বাজপেয়ী, নিত্যা মেনন এবং পরিচালকের মেয়ে কাবেরী কাপুর। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ছবিটির সহপ্রযোজক ও সংগীত পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। ছবিটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।