র্যাবের দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে একাধিক হত্যা মামলার আসামি মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি আধুনিক ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে শরীর তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত নিশান দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন। এর আগেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ, কিন্তু প্রতিবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, নিশানকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল র্যাব। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবশেষে তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, গ্রেপ্তার নিশান একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার গ্রেপ্তারে আগেও একাধিকবার অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। র্যাব ও পুলিশের সমন্বিত এই অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।




