নারী যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চালু করেছে নারী চালক ও সহকারীসহ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) এ সেবা উদ্বোধনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আলোচনা শুরু হয়। ঠিক সেই সময়ে ফেসবুকে ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় ‘মহিলা বাস’ লেখা একটি গোলাপি রঙের বাস রাস্তার পাশের খাদে পড়ে আছে এবং পাশেই দাঁড়িয়ে রয়েছে ‘হানিফ’ লেখা আরেকটি বাস। ক্যাপশনে দাবি করা হয়, প্রথম দিনেই হানিফ বাসের ধাক্কায় খাদে পড়ে গেছে গোলাপি বাসটি। একই ছবি ব্যবহার করে অন্য একটি পোস্টে লেখা হয়, প্রথম দিনেই ঘটল অপ্রত্যাশিত কাণ্ড—হানিফের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গোলাপী, পরে কী হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। খবর লেখা পর্যন্ত ফেসবুকের ৭০টিরও বেশি গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে ছবিটি এ ধরনের ক্যাপশনে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, পিংক বাসকে হানিফ পরিবহনের কোনো বাস ধাক্কা দিয়ে খাদে ফেলার ঘটনা সত্যি নয়। প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে।

ভাইরাল ছবিটি যাচাইয়ের শুরুতে পিংক বাস চালুর পরদিনের সংবাদ প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হয়। সেখানে পাওয়া যায়, প্রথম দিনেই পিংক বাস জড়িত একটি দুর্ঘটনার ঘটনা—তবে সেটি হানিফ নয়, বলাকা পরিবহনের বাসের সঙ্গে। ‘প্রথম দিনেই নারীদের জন্য চালু হওয়া পিংক বাসে বলাকা বাসের ধাক্কা’ শিরোনামে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার রফিকুল ইসলামের বরাত দিয়ে বলা হয়, বনানী পার হয়ে এমইএসের কাছে বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। ট্রাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা বাসটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। সেই সঙ্গে বাস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়।

অন্যদিকে, পিংক বাসকে হানিফ পরিবহনের ধাক্কা দেওয়ার ঘটনা ঢাকা, চট্টগ্রাম কিংবা বগুড়ায় চালু হওয়া এ সেবা নিয়ে প্রকাশিত কোনো প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়নি। ভাইরাল ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ এবং প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালানো হলে দেখা যায়, চলতি বছরের ১৬ মার্চ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ভোরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংবাদমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে সড়কে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং পাশের খাদে পড়ে রয়েছে বাসটি, ঘটনাস্থলে কয়েকজন মানুষও উপস্থিত ছিল।

ভাইরাল ছবিটির সঙ্গে এই পুরোনো ছবির দৃশ্যের মিল পাওয়া যায়—কেবল খাদে পড়ে থাকা বাসটির গায়ে ‘ইসলাম পরিবহন’-এর বদলে ‘মহিলা বাস’ লেখা গোলাপি রঙের চিত্র বসানো হয়েছে এবং সড়কে থাকা ট্রাকের জায়গায় যুক্ত করা হয়েছে ‘হানিফ’ লেখা একটি বাস। অর্থাৎ, একটি পুরোনো দুর্ঘটনার ছবিকে ডিজিটালভাবে পরিবর্তন করে সেখানে পিংক বাস ও হানিফ পরিবহনের বাস যুক্ত করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকারী বিভিন্ন টুলেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা দেখা গেছে।