ঢালিউডের আলোচিত অভিনেত্রী তমা মির্জা এখন ব্যাংকের চাকরিজীবী। প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে কর্মরত তিনি। ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে নতুন এই দায়িত্ব পালন করছেন তিনি। নতুন পেশাটি যে তিনি উপভোগ করছেন, তা নিজেই জানিয়েছেন। তার ভাষ্য, নতুন সহকর্মী, নতুন পরিবেশ আর নতুন বন্ধু পাওয়ায় দিনগুলো দারুণ কাটছে।
চাকরির পাশাপাশি অভিনয় জগতে তার প্রত্যাবর্তনও প্রায় চূড়ান্ত। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার পর বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। একাধিক পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকও করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে আর কোনো কাজে যুক্ত হননি। সম্প্রতি নতুন একটি ছবিতে তার অভিনয়ের বিষয়টি শতভাগ নিশ্চিত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। পরিচালক ভিকি জাহেদের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছবিটির প্রাথমিক নাম ‘খলনায়ক’ রাখা হয়েছে, তবে পরবর্তীতে নাম পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নির্মাতারা। চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় এর শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
নতুন ছবির বিষয়ে তমা মির্জা নিজে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একটা ছবি করছি। প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে আগেও আমার কাজ হয়েছে, অভিজ্ঞতাও দারুণ। তাই আমার কাছে মনে হয়েছে, “দাগি”র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে।’ তবে ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ছবিসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি বছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুক্তির তারিখ সম্পর্কে তমা নিজেও অবগত নন, এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
ব্যাংকের কাজের কারণে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়বেন কি না— এমন প্রশ্নের জবাবে তমা স্পষ্টভাবে জানিয়ে দেন, অভিনয় তার প্রথম ভালোবাসা। আমৃত্যু এই জায়গায় তিনি কাজ করে যেতে চান। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা নেই। নতুন পেশাকে তিনি একটি অভিজ্ঞতা হিসেবে দেখছেন। বছরে এক বা দুটি সিনেমায় কাজ করেন তিনি, বাকি সময় অন্য কিছু শেখার সুযোগ পাচ্ছেন বলে মনে করেন এই অভিনেত্রী।
২০২৩ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের নির্মাতা অঞ্জন দত্তের ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজে কাজ করেছিলেন তমা। কলকাতার কোনো নির্মাতার সঙ্গে এটি তার প্রথম কাজ। শুটিং চলাকালীন অঞ্জন দত্তের পরিচালনার ধরন ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন তিনি। টানা নয় দিনের শুটিংয়ে গোছানো টিমের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন বলে জানান। তবে শুটিং শেষ হলেও সিরিজটি এখনও মুক্তি পায়নি। এই নিয়ে হতাশা প্রকাশ করে তমা বলেন, ‘এটা নিয়ে আর কথা বলতে চাই না। প্রযোজক-পরিচালকই ভালো বলতে পারবেন।’ ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’— প্রতিটি ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের জগৎকে প্রসারিত করেছেন তিনি।




