আজ বুধবার কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একাধিক ব্যান্ডের কনসার্ট। তবে স্থানীয় প্রশাসন সেটি স্থগিত করে দিয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন জানান, স্থানীয় আলিশান রেস্তোরাঁয়ের আয়োজনে এই কনসার্ট হওয়ার কথা ছিল। সেই প্রতিষ্ঠানকে ডেকে বিষয়টি জানানো হয়েছে। হোটেল নিবন্ধন আইন অনুযায়ী তারা কোনো আবেদনই করেনি এবং হোটেলের লাইসেন্সও নেয়নি। যে প্রতিষ্ঠান বৈধ নয় বা অনিবন্ধিত, তাদের কোনো কর্মকাণ্ডে সম্মতি দেওয়ার সুযোগ প্রশাসনের নেই। তাই তারা যেসব বিষয়ে অনুমতি চেয়েছিল, সেগুলো দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল কনসার্টটি বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’। সংগঠনটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহর স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়। স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানায়ও দেওয়া হয়।

এদিকে, কনসার্টে ‘অ্যাশেজ’, ‘নোবেলম্যান’সহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। কনসার্ট স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে ব্যান্ড ‘অ্যাশেজ’। বুধবার সকালে দেওয়া এক পোস্টে তারা লেখে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, কনসার্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জেলা প্রশাসন। অন্যদিকে, কনসার্ট বন্ধের দাবিতে আজ বিকেলে শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ’। তবে কনসার্ট স্থগিত হওয়ায় ওই কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।