গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মারক তোরণে পরপর দুই রাতে অগ্নিসংযোগের ঘটনায় পুরো স্থাপনাটি ভস্মীভূত হয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রথম দফায় শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে আগুন লাগার পর রোববার (৩ আগে) রাতেও অবশিষ্ট অংশ পুড়িয়ে দেওয়া হয়।

‘৩৬শে জুলাই গণ-অভ্যুত্থান’ নামাঙ্কিত এই তোরণটি গত শনিবার দপুরে টুঙ্গিপাড়া উপজেলা শিশুপার্কের সামনে স্থাপন করেছিল পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, শনিবার রাত প্রায় ১২টার দিকে একদল দুর্বৃত্ত তোরণটির কয়েকটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্নীর ছবি, নাম এবং পদবি সংবলিত অংশটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতির পরিমাণ আংশিক থাকলেও পরবর্তী রাতে অর্থাৎ গতকাল রোববার গভীর রাতে অবশিষ্ট কাঠামোতে আবারও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে সমগ্র তোরণটিই পুড়ে ছাই হয়ে যায়। শহীদদের স্মৃতির প্রতি এমন আচরণকে সরাসরি অবমাননাকর বলে অভিহিত করে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুুন্সী এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, শনিবারের ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এরপর সোমবার পুনরায় তোরণটিতে আগুন লাগার সংবাদ আসার পরে ঘটনার তদন্ত আরম্ভ হয়েছে। বর্তমানে কারা এবং কী উদ্দেশ্যে এই কাজটি ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনও পক্ষই এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেয়নি। পুলিশ জানায়, তদন্ত প্রক্রিয়া অব্যহত থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগের অভাবে বর্তমানে তথ্য-প্রমাণ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।