মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক কোটি মানুষ বর্তমানে জিএলপি-১ শ্রেণির ওষুধ সেবন করছেন বা শুরু করার কথা ভাবছেন। তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে — দ্রুত ওজন কমলে শরীরের পেশির ভর এবং হাড়ের ঘনত্বও কমে যেতে পারে। এর ফলে ফ্র্যাকচারের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদে নড়াচড়া করার সক্ষমতা নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ে। তাই যারা এই ওষুধ সেবন করছেন, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম ও শক্তি প্রশিক্ষণকে জীবনের অংশ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শরীরের রক্তে শর্করা, ক্ষুধা ও হজম নিয়ন্ত্রণকারী গ্লুকাগন-লাইক পেপটাইড-১ হরমোনের অনুকরণ করে কাজ করে এই ওষুধগুলো। ফলে রোগীরা দীর্ঘ সময় পেট ভরা অনুভব করেন, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায় এবং স্বাভাবিকভাবেই ওজন হ্রাস পায়। থেরাপি শুরুর এক বছরের মধ্যে রোগীদের শরীরের ওজন ৫ থেকে ২০ শতাংশ বা তারও বেশি কমতে পারে। পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যেরও উল্লেখযোগ্য উন্নতি ঘটে। তবে শরীর থেকে অতিরিক্ত ওজন ঝরানোর সময় পেশি এবং হাড়ও ক্ষয় হতে থাকে। মোট ওজন হ্রাসের প্রায় ২৫ শতাংশই পেশি ও কঙ্কালের ভর কমে আসার কারণে ঘটে, যা বয়স্কদের মধ্যে ফ্র্যাকচারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

জিএলপি-১ ব্যবহারকারীদের মধ্যে ফ্র্যাকচারের ঘটনা নিয়ে তথ্য এখনও সীমিত। তবে একটি সমীক্ষায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা এই ওষুধ ব্যবহার করেছেন, তাদের ফ্র্যাকচারের ঝুঁকি ১১ শতাংশ বেড়েছে। বিশেষ করে বয়স্ক নারী এবং পেরিমেনোপজের মধ্য দিয়ে যাওয়া নারীরা এই ঝুঁকির মুখে বেশি পড়তে পারেন। মেনোপজের সময় ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ায় নারীরা আগে থেকেই পেশির ভর এবং হাড়ের ঘনত্ব হারান — এই সময়ে তাদের সর্বোচ্চ হাড়ের খনিজ ঘনত্বের ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ক্ষয় হতে পারে। এর সঙ্গে জিএলপি-১ ওষুধের ব্যবহার যুক্ত হলে সেই ক্ষতি আরও বেড়ে যেতে পারে।

তবে এই প্রমাণের অর্থ এই নয় যে বয়স্ক রোগীরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন না বা এর থেকে উপকৃত হতে পারবেন না। বরং তাদের উচিত এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকের সহায়তায় তা কমানোর ব্যবস্থা নেওয়া। শুরুতেই রোগীদের চিকিৎসকের সঙ্গে ওষুধের উপকারিতা ও ঝুঁকি নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত — বিশেষ করে যারা মূলত সৌন্দর্যের কারণে ওষুধটি নিতে আগ্রহী এবং অন্যদিক থেকে সুস্থ। এ ছাড়া রোগীদের এমন একটি চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে হবে যেখানে ব্যায়াম ও শক্তি প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়। জিএলপি-১ ওষুধের পাশাপাশি ব্যায়াম করলে একই সঙ্গে ওজন হ্রাস এবং হাড় ও পেশির স্বাস্থ্য রক্ষা সম্ভব। বিশেষ করে শক্তি প্রশিক্ষণ হাড়ের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং হাড়ের খনিজ ঘনত্ব বাড়াতে সহায়তা করে। পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাও জরুরি — প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার পেশি ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কখনও কখনও জিএলপি-১ ওষুধগুলোকে আশ্চর্যজনক ওষুধ বলে মনে হতে পারে। মূলত ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণের জন্য তৈরি হলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, এগুলো হৃদযন্ত্রের স্বাস্থ্যও উন্নত করে। কিডনি রোগ, অস্টিওআর্থারাইটিস এমনকি আসক্তির ক্ষেত্রেও এর সম্ভাব্য উপকারী প্রভাব থাকতে পারে। এত শক্তিশালী হওয়ায় মার্কিন জনসংখ্যার ১২ শতাংশ ইতিমধ্যে এই ওষুধের একটি ডোজ নিয়েছেন এবং এই হার দিন দিন বাড়ছে। কিন্তু ওজন কমানোর অর্থ তো স্বাস্থ্যের উন্নতি হওয়া, ঝুঁকিতে ফেলা নয়। রোগীদের উচিত এই ওষুধগুলোর উপকারিতার পাশাপাশি ত্রুটিগুলো সম্পর্কেও জানা এবং চিকিৎসকের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদে পেশির শক্তি ও হাড়ের স্বাস্থ্য যতটা সম্ভব রক্ষার চেষ্টা করা — কেবল কোমর কমানোর দিকে নজর না দিয়ে।