বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দলের দায়িত্বে ফিরছেন জার্মানির অভিজ্ঞ কোচ পিটার গেরহার্ড। এশিয়ান গেমসকে সামনে রেখে তাকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ইতিমধ্যেই গেরহার্ডের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক। তিনি আজ প্রথম আলোকে জানান, ‘আশা করি গেরহার্ড এই শুক্রবারই ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কথাবার্তা শেষ।’ দুই মাসের জন্য প্রাথমিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গেরহার্ডের সঙ্গে জার্মানিতে আরও চারজন কোচিং স্টাফ যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস এবং আকিম মানসেস। জার্মানিতে এক মাসের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল। সেখানে জার্মানির শীর্ষ লিগের ক্লাবগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। গেরহার্ড এর আগে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০০৯ সালের এপ্রিলে তিনি কোচিং পরিচালক হিসেবে আসেন এবং ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দল ও ক্লাব পর্যায়ে কাজ করেন। তাঁর সময়েই রাসেল মাহমুদ জিমিসহ কয়েকজন খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পেয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে ফিরেছিলেন। তবে ওই বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে পদত্যাগ করতে হয়। এখন আবার নতুন করে এশিয়ান গেমস মিশনে নেমেছেন তিনি।