বিশ্বের সবচেয়ে মূল্যবান টি-টোয়েন্টি ক্রিকেট লিগ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবস্থান আগেই জানা ছিল। সম্প্রতি এক নতুন গবেষণায় দেখা গেছে, এই আসরের বাণিজ্যিক মূল্য ২০২৬ সালে ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকার সমান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্ট শুরু থেকেই বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের আকর্ষণ করে আসছে। এর বাণিজ্যিক কাঠামো নির্ভর করছে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, পণ্য বিক্রয় এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের ওপর। চলতি বছরের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন বড় বিনিয়োগকারীদের কাছে আইপিএলের আকর্ষণ আরও স্পষ্ট করেছে এবং প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য কতটা বেশি তা সামনে এনেছে। ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপের একটি কনসোর্টিয়াম গত মার্চে লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৭৮ কোটি ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১৬৫ কোটি ডলারে রাজস্থান রয়্যালস কেনার কথা জানান। আইপিএলের ব্যবসায়িক মূল্যবৃদ্ধি নিয়ে হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজারি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ বেড়েছে এবং লিগের বাণিজ্যিক পরিসর ক্রমাগত বড় ও বৈচিত্র্যময় হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আইপিএল খেলাধুলা, গণমাধ্যম ও ভোক্তাবাজারের এক অনন্য মিলনমঞ্চ। শক্তিশালী রাজস্ব, নিয়ন্ত্রিত ব্যয় এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা দর্শক সংখ্যা লিগটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এই তথ্যগুলো সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তনের প্রেক্ষাপটে আইপিএলের বাণিজ্যিক শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও দৃঢ় করে।