ওটস স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অনেকের কাছেই এটি খেতে ভালো লাগে না। তাদের জন্য ভিন্ন এক উপায় বের করেছেন কানিজ ফাতেমা। তিনি ওটস দিয়ে তৈরি করেছেন মুখরোচক আলুর চপ, যা খেতে দারুণ মজাদার। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ চপ তৈরির পদ্ধতি।

প্রথমে ৩ কাপ আলু সেদ্ধ করে ভালোভাবে চটকে নিতে হবে। এরপর একটি প্যানে ২ কাপ ওটস ২ থেকে ৩ মিনিট হালকা আঁচে শুকনা করে ভেজে নিতে হবে। ভাজা ওটস ঠান্ডা হলে কিছু অংশ কোটিংয়ের জন্য আলাদা রাখতে হবে এবং বাকি অংশ গুঁড়া করে নিতে হবে। এবার একটি বড় পাত্রে চটকানো আলুর সঙ্গে গুঁড়া করা ওটস, ১ টেবিল চামচ পেঁয়াজকুচি, ২ টেবিল চামচ কাঁচা মরিচকুচি, ২ টেবিল চামচ ধনেপাতাকুচি, ১ চা-চামচ আদাকুচি, স্বাদমতো লবণ, আধা চা-চামচ মরিচগুঁড়া, আধা চা-চামচ জিরাগুঁড়া, আধা চা-চামচ গরমমসলার গুঁড়া এবং ১ চা-চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

মিশ্রণটি ১০ মিনিট রেখে দিলে তা আর্দ্রতা শোষণ করে কিছুটা শক্ত হয়ে আসবে, ফলে চপের আকার দেওয়া সহজ হবে। এরপর মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোল বা চ্যাপটা আকৃতির চপ বানাতে হবে। একটি ডিম ফেটিয়ে নিয়ে প্রতিটি চপ প্রথমে ডিমে ডুবিয়ে তারপর আলাদা করে রাখা ওটসে গড়িয়ে ভালোভাবে কোট করতে হবে। এবার কড়াইয়ে ডুবো তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো দুই পাশে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

ভাজা হয়ে গেলে টমেটো সস বা পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করলে এই চপের স্বাদ আরও বেড়ে যাবে। নাস্তায় বা বিকেলের টিফিনে এই নতুন রেসিপিটি ঘরে বসেই সহজে তৈরি করে নিতে পারেন।