চীনের অটোমোবাইল বাজারে চলমান মন্দা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার ধাক্কা সামলাতে পারছে না জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতারা। ফলে দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) তাদের বিক্রিতে রেকর্ড পরিমাণ পতন দেখা গেছে। ভক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং পোর্শে—এই চারটি কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে চীনে তাদের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ থেকে ৪১ শতাংশ কমে গিয়েছে। শুধু দ্বিতীয় ত্রৈমাসিক নয়, চলতি বছরের প্রথমার্ধেও এই চার কোম্পানির চীনে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি কমেছে।

চীনে এই বিক্রি হ্রাস তাদের সামগ্রিক মুনাফায় বড় প্রভাব ফেলেছে। ভক্সওয়াগেন গ্রুপ এশিয়ার এই অঞ্চলে ৪,২৪,৩০০ গাড়ি সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৩৬.৬ শতাংশ কম। এর ফলে বিশ্বব্যাপী তাদের বিক্রি ৮.৬ শতাংশ হ্রাস পায়, যদিও ইউরোপ ও আমেরিকায় বিক্রি বেড়েছে। বিক্রি কমার পর ভক্সওয়াগেন তাদের মডেল লাইনআপ অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

চীনে দীর্ঘস্থায়ী সম্পত্তি খাতের মন্দা ও অর্থনৈতিক মন্থরতার কারণে ভোক্তারা বড় ব্যয় যেমন গাড়ি কেনা থেকে বিরত থাকছেন। এর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে মূল্য যুদ্ধ এবং চীনা ব্র্যান্ডগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিদেশি কোম্পানিগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। পোর্শে চীনের বাজার পরিস্থিতিকে 'চ্যালেঞ্জিং' হিসেবে আখ্যা দিয়েছে। মার্সিডিজ-বেঞ্জ জানিয়েছে, চীনের বাজার ও সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনে যাত্রীবাহী গাড়ির বিক্রি ২৪ শতাংশ কমে প্রায় ৮.৩ মিলিয়নে দাঁড়িয়েছে। অ্যালিক্সপার্টনার্সের পূর্বাভাস অনুযায়ী, সারা বছর চীনে হালকা যানবাহন (যাত্রীবাহী গাড়িসহ) বিক্রি ১০ শতাংশ কমতে পারে।

আলিক্সপার্টনার্সের এশিয়া-প্যাসিফিক অটোমোটিভ প্র্যাকটিসের প্রধান স্টিফেন ডায়ার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, চীনে স্থানীয় ব্র্যান্ডগুলোর পছন্দ বাড়ায় বিদেশি গাড়ি নির্মাতাদের বাজারের প্রতিটি অংশের জন্য কঠোর লড়াই করতে হবে। অন্যদিকে, স্বতন্ত্র বিশ্লেষক লেই জিং মন্তব্য করেন, জার্মান গাড়ি নির্মাতাদের জন্যই চীনের বাজারে সবচেয়ে বেশি ধাক্কা লাগছে। ওমদিয়া গবেষণা ও উপদেষ্টা গ্রুপের ক্রিস লিউ উল্লেখ করেন, জার্মান নির্মাতারা বৈদ্যুতিক যানের চেয়ে পেট্রোল ইঞ্জিনের গাড়ি তৈরিতে বেশি দক্ষ। অথচ চীনে ইভির বিক্রি প্রচলিত জ্বালানি গাড়ির চেয়ে বেশি ভালো করছে।

ডায়ার আরও বলেন, চীনা গাড়ি নির্মাতারা তাদের প্রতিযোগীদের তুলনায় বেশি ঘন ঘন মডেল আপডেট করে, যা তাদের বাড়তি প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। বিওয়াইডি-র মতো চীনা ব্র্যান্ডগুলো বিদেশেও (ইউরোপসহ) সম্প্রসারণ করছে, যা জার্মান নির্মাতাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ।