ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকাসক্ত দুই সন্তানের নির্যাতনে এক মা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীদের সহযোগিতায় দুই ভাইকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আবুল ইমন (৩০) ও আবুল আজাদ (২৪)। তারা সরাইল উপজেলা সদরের একটি গ্রামের বাসিন্দা। রায়ের পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মা সরকারি চাকরিজীবী। তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় দুই ছেলে কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে তারা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা-বাবা অনেক চেষ্টা করলেও ব্যর্থ হন। দেড় বছর আগে দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা পরিবার ছেড়ে চলে যান। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠে। কথায় কথায় মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত তারা।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকালে দুই ভাই মায়ের কাছে ১৩ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং মাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে আটক করে পুলিশে দেন মা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকাসক্ত অবস্থায় দুই ভাইকে হাতেনাতে পাওয়া গেছে এবং তারা দোষ স্বীকার করেছে। তাই তাদের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে ওই মা বলেন, 'আমার ছেলেরা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তাদের অত্যাচারে আমার স্বামীও ঘর ছেড়েছে। আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি শুধু শান্তি চাই, এই নির্যাতন থেকে মুক্তি চাই।'

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।