কিশোরগঞ্জের নিকলী থানার হাজত থেকে রুবেল মিয়া (২১) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য তার বাবা রাজা হাওলাদারকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে বাবার দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হাজতের ভেতরে কার্নিশের রডে নিজের শার্ট বেঁধে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

রুবেলের বাবা রাজা হাওলাদার জানান, তার একমাত্র ছেলে রুবেল অল্প বয়সে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। আগেও একবার মাদক মামলায় তিন মাস কারাভোগ করেছিল সে, কিন্তু সংশোধন হয়নি। যন্ত্রণা থেকে বাঁচতে আজ সকালে তিনি নিজেই থানায় ফোন করে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। সকাল ৯টার দিকে হাজতে গিয়ে ছেলেকে নাশতা করিয়ে বাড়ি ফিরে আসার পর ফোনে জানতে পারেন, ছেলে আত্মহত্যা করেছে।

নিকলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বলেন, সকালে রুবেলকে গ্রেপ্তার করে হাজতে আনা হয়। বাবা নাশতা দিয়ে যাওয়ার সময় রুবেল তাকে আর নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাবা তা গুরুত্ব দেননি। বেলা সোয়া ১১টার দিকে রুবেলকে হাজতে সুস্থ অবস্থায় দেখা যায়, তখন সেখানে সে একাই ছিল। পরে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় দেখা যায় সে আত্মহত্যা করেছে। সিসিটিভি ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাবার করা একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন রুবেল। তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে সকাল সাড়ে ৯টায় হাজতে আনা হয়েছিল। বেলা সাড়ে ১১টায় পুলিশ আদালতে চালান দিতে হাজত থেকে বের করতে গিয়ে দেখে, তিনি পরনের শার্ট খুলে কার্নিশের রডে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।